চট্টগ্রাম নগর পুলিশ পবিত্র রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চাঁদাবাজ, বখাটে তরুণ, মলমপার্টি, ব্যাগ টানা পার্টির সদস্যদের তৎপরতা বন্ধ ও যানজট সহনীয় পর্যায়ে রাখার আশ্বাস দিয়েছেন।গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের মতবিনিময় সভায় এ আশ্বাস দেওয়া হয়। এ সময় পুলিশ কর্মকর্তারা দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ব্যবসায়ীদের অনুরোধ করেন।গতকাল বৈঠকে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম। মতবিনিময় অনুষ্ঠানে নগর পুুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চট্টগ্রামের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে দ্রব্যমূল্য সহনীয় রাখতে রমজান মাসে পুলিশ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ পর্যবেক্ষণ সেল গঠনে উভয় পক্ষ একমত হয়। বৈঠকে পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যবসায়ীদের পবিত্র রমজানে যত্রতত্র দোকানপাট খুলে না বসার অনুরোধ জানিয়ে বলেন, এতে নগরে অহেতুক যানজটের সৃষ্টি হয়। বৈঠক সূত্র জানায়, রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ক্রেতারা যাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন, তা নিশ্চিত করতে বিভিন্ন বিপণিবিতানের নিরাপত্তা জোরদার করবে পুলিশ। মহিলা ক্রেতারা যাতে ইভ টিজিংয়ের শিকার না হয়, সে ব্যাপারে দোকান মালিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম, উপকমিশনার (সদর) ফারুক আহমেদ, উপকমিশনার (বন্দর) কুসুম দেওয়ান ও উপ (উত্তর) আমেনা বেগম। ব্যবসায়ীদের মধ্যে বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম মালিক সমিতি ফেডারেশনের সভাপতি মো. ছাালামত আলী, মিমি সুপার মার্কেটের সভাপতি মো. জাকির হোসেন, চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ভিআইপি টাওয়ার শপিং মলের আহ্বায়ক রাশেদ চৌধুরী, খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নূরুল আলম, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ওসমান গণি চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল মান্নান প্রমুখ।