দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় বেতন বৃদ্ধির অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক নেতারা বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়গুলো বিবেচনায় নিয়ে সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কর্মরত সাংবাদিক-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণ করতে হবে। রোয়েদাদে ন্যায্য সুবিধা নিশ্চিত না হলে সাংবাদিকেরা আন্দোলনে নামবেন। গতকাল ২১ জুন জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক নির্যাতন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিক নেতারা এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ এ সভার আয়োজন করে। সাংবাদিক নেতারা বলেন, সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কর্মরত সাংবাদিক-কর্মচারীদের জন্য গঠিত অষ্টম ওয়েজবোর্ডকে গত পাঁচ বছরের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আগামী পাঁচ বছরের সম্ভাব্য মূল্যবৃদ্ধি এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয় বিবেচনায় নিতে হবে। অযৌক্তিক ও নামমাত্র রোয়েদাদ সাংবাদিকেরা মানবেন না। ডিইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাংবাদিক নেতা আবদুল জলিল ভূঁইয়া, শাবান মাহমুদ, কার্তিক চ্যাটার্জি প্রমুখ। সাংবাদিক নেতারা বলেন, ১৯৯২ সালের ২১ জুন পুলিশ জাতীয় প্রেসক্লাবের ভেতরে ঢুকে সাংবাদিকদের নির্যাতন করে। তৎকালীন প্রধানমন্ত্রীর কাছ থেকে সাংবাদিকেরা ওই ঘটনায় ন্যায়বিচার পাননি। এ দেশে সাংবাদিক নিহত হলেও তার বিচার হয় না। নিহত সাগর-রুনির পরিবারও বিচার পাচ্ছে না। সভায় সাংবাদিক নেতারা নিউজপেপার এমপ্লয়িজ সার্ভিসেস কন্ডিশনস অ্যাক্ট, ১৯৭৪ পুনর্বহাল ও একটি সুষ্ঠু গণমাধ্যম নীতিমালা প্রণয়নের দাবি জানান। বিজ্ঞপ্তি।