দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসদীয় কমিটির ক্ষোভ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সরকারি প্রতিশ্রুতি-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন।সংসদীয় কমিটি ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে ছয় মাসের জন্য শুল্কমুক্ত সুবিধা দেওয়ার সুপারিশ করেছে।গতকালের সভায় বাণিজ্যমন্ত্রীর সংসদে দেওয়া প্রতিশ্রুতি নিয়ে আলোচনা হয়। বিরোধী দলের একমাত্র সদস্য রাশেদা বেগম বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাজার নিয়ন্ত্রণ করার ব্যাপারে বাণিজ্যমন্ত্রী সংসদে প্রতিশ্রুতি দিলেও তিনি তা রক্ষা করেননি। এর পুরো দায় সরকারের। এ বক্তব্যের একপর্যায়ে তিনি ওয়াকআউট করেন।সভায় চাল, চিনি, তেল, হলুদসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় বাণিজ্য মন্ত্রণালয়কে দায়ী করে কমিটির সভাপতিসহ সব সদস্যই ক্ষোভ প্রকাশ করেন। এ সময় বৈঠকে উপস্থিত বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সবাই বাণিজ্য মন্ত্রণালয়কে দায়ী করলেও অধিকাংশ খাদ্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণের এখতিয়ার এ মন্ত্রণালয়ের নেই। এটা খাদ্য মন্ত্রণালয়ের ব্যাপার।কমিটির সভাপতি ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে এই সভায় কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয়। এ জন্য লোকবল বৃদ্ধিসহ টিসিবির আমদানি করা পণ্য রাখতে গুদাম নির্মাণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে অর্থ মন্ত্রণালয়ের প্রতি সুপারিশ করা হয়। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে টিসিবির ডিলার বৃদ্ধি ও পর্যবেক্ষণের ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।