দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারের সাফল্য ম্লান হয়ে যাবে: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারের দুই বছরের অর্জিত সাফল্য ম্লান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন মহাজোটের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শুধু সরকার নয়, দেশের জন্য সংকট সৃষ্টি হবে।গতকাল বুধবার রাজধানীর তোপখানা রোডে শহীদ আসাদ মিলনায়তনে ওয়ার্কার্স পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাবে মেনন এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক। এ সময় ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, সাংসদ ফজলে হোসেন বাদশা, নূরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, কামরুল আহসান ও শফিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে বলা হয়, খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের নিয়ন্ত্রণহীন ঊর্ধ্বগতি জনগণের কাছে প্রধান বিষয় হিসেবে দেখা দিয়েছে। আমনের ভালো ফলনের পরও চালসহ সব কৃষিজাত পণ্য সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে চলে গেছে। মহাজোটের ঐক্য নির্বাচনে যে মহাবিজয় এনে দিয়েছিল, গত দুই বছরে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে তার কোনো প্রতিফলন ঘটেনি। জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান সংকট জনমনে বিক্ষোভ, হতাশা ও আস্থার সংকট সৃষ্টি করেছে। গত পৌরসভা নির্বাচনে এর প্রতিফলন দেখা গেছে।ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পূর্ণ রেশনিং পদ্ধতি চালুসহ ১৬ দফা প্রস্তাব করা হয়। অন্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে: মূল্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা ও বাজার তদারকির নিয়মিত ব্যবস্থা কার্যকর করা; মূল্য নিয়ন্ত্রণে আইনগত ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য আইন; মজুদবিরোধী আইন প্রণয়ন ইত্যাদি।