দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শনিবার গণ-অনশন করবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী শনিবার রাজধানীতে গণ-অনশন করবে বিএনপি। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই অনশন হবে। আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন।

মির্জা ফখরুল ইসলাম জানান, গণ-অনশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, গত কয়েক মাস থেকে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সয়াবিন তেলের দাম দফায় দফায় বেড়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। চালের দাম বেড়েছে, লবণের দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে। প্রতিটি জিনিস, সবজির দাম বেড়েছে। অন্যদিকে গ্যাসের দাম বাড়ানোর জন্য কোম্পানিগুলো নতুন করে প্রস্তাব দিয়েছে। চুলার গ্যাসের দামও বেড়ে যাবে।

জিনিসপত্রের দাম বাড়ানোর নেপথ্য কারণ উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা লক্ষ করেছি, বিশেষজ্ঞরা বলছেন, একদিকে অপচয়, অন্যদিকে সরকারের মদদপুষ্ট ব্যক্তিবিশেষ ব্যবসায়ীদের আরও মুনাফা পাইয়ে দেওয়ার জন্য, সরকারের প্রশ্রয়ে এই মূল্য বৃদ্ধি করা হচ্ছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘বিদ্যুতের দাম বাড়ছে কেন? আইপিপি যেটা হয়, সেই আইপিপিতে সরকারকে প্রায় ২০ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। তাহলে চিন্তা করুন কী অবস্থা। একদিকে বলা হচ্ছে, বিদ্যুৎ এখন উদ্বৃত্ত, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। অন্যদিকে জনগণের পকেট থেকে টাকা বের করে নেওয়া হচ্ছে অন্যায়ভাবে, এই আইপিপির মাধ্যমে। এই আইপিপি সরকারের উৎপাদন না, এটা সম্পূর্ণ ব্যক্তিমালিকানাধীন প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন। অর্থাৎ এ দেশে রাষ্ট্রীয় সম্পদকে পুরোপুরি ব্যবহার করে শুধু কিছু ব্যক্তির মুনাফার জন্য জনগণের পকেট কেটে এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে মাসখানেক যাবৎ আমরা আন্দোলন করছি।’

এর আগে মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে যৌথ সভায় হয়। সভায় মহানগর বিএনপির নেতা আমানউল্লাহ, আবদুস সালামসহ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, কৃষক দল, জাসাস, তাঁতী দল, উলামা দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

তারেক রহমানকে ধন্যবাদ স্থায়ী কমিটির

এদিকে বিকেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, অতিসম্প্রতি লন্ডনের এক সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পরে আন্দোলনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে জাতীয় সরকার গঠনের স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনের উদ্যোগের বক্তব্যে জনগণের মধ্যে আশার আলো সঞ্চারিত হয়েছে। এর জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছে স্থায়ী কমিটি।

গত ২৯ মার্চ রাতে তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভা হয়। সভায় পুলিশের আইজিপি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের ‘ঔদ্ধত্যপূর্ণ উক্তি, অপেশাদারি আচরণ, হুমকি ও অব্যাহত মিথ্যাচারের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। স্থায়ী কমিটি অবিলম্বে এ ধরনের বক্তব্যের জন্য দুই কর্মকর্তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। এ ছাড়া অস্বাভাবিক হারে দ্রব্যমূল্য বৃদ্ধির এই সময়ে হঠাৎ করে ১৭ হাজার ২৮২ জন মুক্তিযোদ্ধার মাসিক ভাতা বন্ধে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে, যখন দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে, তখন এ ধরনের পদক্ষেপ সাধারণ মুক্তিযোদ্ধাদের চরম আর্থিক সংকটের মধ্যে ফেলবে। অন্যদিকে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের অজুহাতে কোটি কোটি টাকা ব্যয়ে ভারতীয় শিল্পীদের নিয়ে কনসার্টে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দেশবাসীকে হতাশ করেছে।