দ্রুত অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ মার্চ বাংলাদেশে শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। বড় এই ক্রিকেট আসরের ২৮টি ম্যাচ সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নগরের সৌন্দর্যবর্ধনের প্রস্তুতি চললেও রাস্তার দুই পাশের অবৈধ ব্যানার, ফেস্টুন ও বিজ্ঞাপন বোর্ড ধীরগতিতে অপসারণ করা হচ্ছে বলে নগরবাসী অভিযোগ করেছেন। তাঁরা দ্রুতগতিতে অবৈধ ব্যানার, ফেস্টুন ও বিজ্ঞাপন বোর্ড অপসারণের দাবি জানিয়েছেন।
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, ১৭ মার্চ থেকে সিলেটে খেলা শুরু হবে। এখানে পুরুষদের ছয়টি এবং নারীদের ২২টি ম্যাচ হবে।
সরেজমিনে দেখা গেছে, নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, ধোপাদিঘিরপার, সোবহানীঘাট, তালতলা, লামাবাজার, রিকাবীবাজার, চৌকিদেখিসহ অন্তত ২০টি গুরুত্বপূর্ণ এলাকায় এখনো অবৈধ ব্যানার ও ফেস্টুন ঝুলছে।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা শাখা সূত্রে জানা গেছে, নগরের রাস্তাঘাটে বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা দখল করে বিজ্ঞাপন বোর্ড, ব্যানার ও ফেস্টুন সাঁটানো দেখতে পেয়ে একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তবে কিছুদিন পরই আবার সেসব স্থান দখল করে ব্যানার-ফেস্টুন সাঁটানো হয়। আসন্ন বিশ্বকাপ উপলক্ষে নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অংশ হিসেবে কিছুদিন ধরে সিটি করপোরেশন কর্তৃপক্ষ মাইকযোগে এসব অবৈধ বিজ্ঞাপন-সংবলিত ব্যানার-ফেস্টুন সরিয়ে নিতে বলছে। কর্তৃপক্ষও এসব অপসারণে কার্যকর ব্যবস্থা নিয়েছে। এতে করে প্রায় এলাকাই ব্যানার-ফেস্টুনমুক্ত হচ্ছে। খেলা শুরু হওয়ার আগেই পুরো নগর অবৈধ ব্যানার-ফেস্টুনমুক্ত হবে।
অনেকের অভিযোগ, সিলেট বিভাগীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হচ্ছে। এ কারণে নগরকে সার্বক্ষণিক পরিচ্ছন্ন রাখা উচিত। অথচ রাজনৈতিক নেতাদের ছবি-সংবলিত এবং নানা প্রতিষ্ঠানের বিপণনসংক্রান্ত অবৈধ ব্যানার-ফেস্টুনের কারণে নগরের সৌন্দর্যহানি ঘটেছে। এসব অপসারণে সিটি করপোরেশন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ জরুরি। সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, যেসব ব্যানার-ফেস্টুন এখনো রয়ে গেছে, তা অপসারণেও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।