মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ৪০ মাস পূর্তি উপলক্ষে গতকাল শনিবার সমাবেশ ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালিত হয়েছে। নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এর আয়োজন করে।
সমাবশে বক্তারা দ্রুত ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র দিয়ে বিচার-প্রক্রিয়া শুরুর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল সভাপতিত্ব করেন। সেখানে বক্তৃতাকালে নিহত ত্বকীর বাবা এবং সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, র্যাবের তদন্তে সবকিছু প্রকাশ হওয়ার পরও ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র আটকে রাখা হয়েছে। এটি ঘাতকদের উৎসাহিত করছে। এ হত্যায় জড়িত আজমেরী ওসমানকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
রফিউর রাব্বি আরও বলেন, ‘৪০ মাস আগে ত্বকীকে খুন করা হয়েছে। আমরা বলেছিলাম এই হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। এই হত্যাকাণ্ড প্রথমে তদন্ত করল পুলিশ। তারপর উচ্চ আদালতের নির্দেশে তদন্তভার দেওয়া হলো র্যাবের ওপর। তিন মাস তদন্ত শেষে র্যাব একটি খসড়া অভিযোগপত্র তৈরি করে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে জানাল কারা ত্বকীর খুনি। অথচ মাঝপথে এসে সরকারের পক্ষ থেকেই ত্বকী হত্যার বিচারকে আটকে দেওয়া হয়েছে। র্যাবের তদন্তে যে পরিবারকে খুনি হিসেবে চিহ্নিত করা হয়েছে, প্রধানমন্ত্রী সেই পরিবারের পাশে থাকার ঘোষণা দিলেন। এতে খুনি পরিবার আরও উৎসাহিত হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি থেকেই দেশে আজ হত্যাকাণ্ডের সংখ্যা বেড়েছে।’
সমাবেশে আরও বক্তৃতা করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জাহিদুল হক ভূঁইয়া, খেলাঘর আসরের সভাপতি, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সিপিবি মহানগর সাধারণ সম্পাদক সুজয় রায় চৌধুরী, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ।
২০১৩ সালের ৬ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ ও খুন করা হয়। ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার সুলতান শওকত ওরফে ভ্রমর আদালতে দেওয়া জবানবন্দিতে জানান, আজমেরী ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ নগরের কলেজ রোড এলাকায় তার ‘টর্চার সেলে’ নির্যাতন চালিয়ে ত্বকীকে হত্যা করা হয়।