নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দেশের ১৯ জন বুদ্ধিজীবী। এক বিবৃতিতে তাঁরা হত্যা ঘটনার দীর্ঘ সময় পার হলেও অভিযোগপত্র না দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।
ত্বকী হত্যার আড়াই বছর পূর্তি উপলক্ষে এ বিবৃতি দেওয়া হয়েছে। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তির সঙ্গে বিবৃতিটিও সংযুক্ত করে পাঠানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের ৬ মার্চ ত্বকী নৃশংসভাবে খুন হয়। এর এক বছর পূর্তিতে তদন্তকারী সংস্থা র্যাবের পক্ষ থেকে অতিরিক্ত মহাপরিচালক সংবাদ সম্মেলন করে বলেছিলেন, তদন্ত শেষ হয়েছে। ত্বকীকে কীভাবে, কখন, কোথায়, কী কারণে এবং কারা হত্যা করেছে, তা-ও তখন সাংবাদিকদের জানান তিনি।
বিবৃতিতে বলা হয়, ‘তিনি (অতিরিক্ত মহাপরিচালক) তখন খসড়া একটি অভিযোগপত্র সাংবাদিকদের সরবরাহ করে বলেছিলেন, অচিরেই তা আদালতে পেশ করা হবে। আমরা সংবাদমাধ্যমে তা জানতে পারি। কিন্তু ত্বকী হত্যার আড়াই বছর পার হলেও সেই অভিযোগপত্র পেশ করা হয় নাই।’ বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত আসামি জনসমক্ষে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ উচ্চ আদালত থেকে জামিন নিয়ে দেশ ছেড়ে গেছে। তাই বিচার কার্যক্রমে সরকারের ভূমিকা ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিবৃতিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলা হয়, ‘আপনি জানেন, ত্বকীকে কারা হত্যা করেছে। আমরা ত্বকী হত্যার অভিযোগপত্র দ্রুত প্রদান ও সকল অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আপনার হস্তক্ষেপ কামনা করছি।’
বিবৃতিতে স্বাক্ষর করেন অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, কামাল লোহানী, আহমদ রফিক, অধ্যাপক হাসান আজিজুল হক, অধ্যাপক যতীন সরকার, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সৈয়দ আবুল মকসুদ, সুলতানা কামাল, হায়াৎ মামুদ, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, সফিউদ্দিন আহমদ, সারোয়ার আলী, মালেকা বেগম, আয়েশা খানম, অধ্যাপক শফি আহমেদ, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক এম এম আকাশ ও শিশির ভট্টাচার্য।