নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর খুনি ও খুনের নির্দেশদাতাদের গ্রেপ্তার এবং মামলার অভিযোগপত্র দ্রুত দেওয়ার দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
গতকাল রোববার এ হত্যাকাণ্ডের ৩২ মাস পূর্তি উপলক্ষে সন্ধ্যায় চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ ও মোমশিখা প্রজ্বালন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
জোটের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক অঞ্জন দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে ত্বকীর বাবা বলেন, সরকার আন্তরিক ছিল বলেই সাড়ে তিন মাসের মধ্যে শিশু রাজন ও রাকিব হত্যা মামলার বিচার শেষ করা সম্ভব হয়েছে। অথচ তিন বছর হতে চলল, ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র দিয়ে বিচারই শুরু হয়নি।
রফিউর রাব্বী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক দিন আগে শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠানে বলেছিলেন, কোনো শিশুর হত্যাকারীরা পার পাবে না। কিন্তু ঘাতকেরা বিরোধী দলের অথবা অপরিচিত হলে তাদের ক্ষেত্রে সরকার বা রাষ্ট্র যতটা উৎসাহী, ঘাতক নিজ দলের হলে সেটা দেখা যায় না। এ ক্ষেত্রে তাদের প্রচণ্ড অনীহা ও ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা দেখা যায়। কিন্তু কোনো সরকারই কোনো ঘাতককে রক্ষা করতে পারেনি।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ত্বকী হত্যা মামলার আসামি সুলতান শওকত ওরফে ভ্রমর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, আজমেরী ওসমানের নেতৃত্বে নির্মম নির্যাতন চালিয়ে ত্বকীকে হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। অথচ আজমেরী প্রকাশ্যে তার ক্যাডার বাহিনী ও গাড়িবহর নিয়ে নারায়ণগঞ্জ দাবড়ে বেড়ালেও আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তারের সাহস পাচ্ছে না। তিনি অবিলম্বে আজমেরীকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে ত্বকীর স্মরণে মোমশিখা প্রজ্বালন করা হয়।