দ্রুত আমদানিতে চালের বাজার স্বাভাবিক থাকবে

ভরা মৌসুমে বাড়ছে চালের দাম। এমন সময়ে শুল্ক কমিয়ে সরকারি-বেসরকারি খাতে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্ত বাজারে কতটুকু সুফল বয়ে আনবে তা নিয়ে কথা বলেছেন চট্টগ্রামের বিএসএম গ্রুপের চেয়ারম্যান ও শীর্ষ পর্যায়ের খাদ্যশস্য আমদানিকারক আবুল বশর চৌধুরী। সাক্ষাৎকার নিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক মাসুদ মিলাদ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী।

প্রশ্ন :

চাল আমদানিতে করভার ২৫ শতাংশে নামিয়ে আনা এবং সরকারি-বেসরকারি খাতে ১০ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। বাজারে এর প্রভাব কতটুকু পড়বে?

আবুল বশর চৌধুরী: সরকারের এই সিদ্ধান্ত বাজারে চালের দামের ঊর্ধ্বগতি রোধ করবে। শুল্ক পুরো না কমিয়ে সরকার মুনশিয়ানার পরিচয় দিয়েছে। এই সিদ্ধান্ত বাজারে দুইভাবে প্রভাব তৈরি করবে। যারা চাল মজুত করতে চায় তাদের জন্য চাপ তৈরি হবে। ফলে আমদানি শুরু হলে তারাও বাজারে চাল ছেড়ে দেবে। আমদানির পাশাপাশি মজুত চাল বাজারে সরবরাহ বাড়াবে। তাতে দামও স্থিতিশীল থাকবে।

প্রশ্ন :

বিশ্ববাজারে চালের দাম এখন কেমন? বর্তমান বাজারদরের চেয়ে কমে আমদানি সম্ভব হবে?


আবুল বশর চৌধুরী: এ মুহূর্তে আমাদের জন্য চাল আমদানির বাজার হলো ভারত, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড ও ভিয়েতনাম। থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে আমদানি করলে বর্তমান বাজারদরের চেয়ে দাম অনেক বেশি পড়বে। বৈশ্বিক দাম তুলনা করলে ভারত থেকে খুব সাধারণ মানের সিদ্ধ চাল আমদানি করলে বাজারদরের কাছাকাছি থাকবে। সবচেয়ে সুবিধাজনক হবে স্থলবন্দর দিয়ে বা সমুদ্রপথে পুরো জাহাজে করে আমদানি করলে।

প্রশ্ন :

এবার খাদ্য মন্ত্রণালয় বেসরকারি খাতে চাল আমদানি নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছে। এটা কীভাবে দেখছেন?

আবুল বশর চৌধুরী: নিয়ন্ত্রিত আমদানি যেমন প্রশ্নবিদ্ধ হয় তেমনি ঘাটতির চেয়ে বেশি আমদানি হলে কৃষকদের জন্য সুরক্ষা থাকে না। সরকার অনুমতি দিলেও যাতে প্রকৃত আমদানিকারকেরা পায় তা নিশ্চিত করা দরকার। এ ক্ষেত্রে যারা খাদ্যশস্যের তথা চালের নিয়মিত আমদানিকারক ও বিশ্বস্ত তাদের অগ্রাধিকার দেওয়া উচিত। নতুন করে কেউ যাতে আবার মধ্যস্থতাকারীর ভূমিকায় আসতে না পারে সেদিকে মন্ত্রণালয়ের খেয়াল রাখা উচিত। দ্রুত আমদানির স্বার্থেই তা করা উচিত। যাদের হাতে এখন চাল আছে তাদের এই প্রক্রিয়ার বাইরে রাখলে বাজারে প্রতিযোগিতা বাড়বে। বাজারের জন্যই ইতিবাচক হবে।

প্রশ্ন :

বাজার সহনীয় রাখা এবং কৃষকদের সুরক্ষা-এই দুইয়ের মধ্যে কীভাবে সমন্বয় করা উচিত?

আবুল বশর চৌধুরী: চালের দাম বেশি বাড়লে যেমন গরিব মানুষের কষ্ট হয় তেমনি দাম বেশি কমলে কৃষকের লোকসান হয়। এটি খুবই স্পর্শকাতর। দুইদিকে ভারসাম্য রাখতে হয়। যেহেতু ভরা মৌসুমে দাম বেড়েছে এ জন্য আমদানি করে সংগ্রহ বাড়ানোর বিকল্প নেই। তবে তা দ্রুত করতে হবে। সরকার যেমন আমদানি শুরু করে দিয়েছে এখন বেসরকারি খাতেও দ্রুত আমদানির অনুমতি দেওয়া উচিত। গরিব মানুষ এবং কৃষকের সুরক্ষার কথা মাথায় রেখে এই বাজার নিয়মিত পর্যবেক্ষণে রাখা উচিত। আমরা জানি, বোরো আবাদ শুরু হবে সামনে। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে ফসল সংগ্রহ শুরু হবে। আবার আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল হওয়ার লক্ষণ নেই। দ্রুত আমদানি হলে দাম খুব বেশি বাড়ার শঙ্কা থাকবে না। আবার বোরো মৌসুমের আগে বাজারের অবস্থা পর্যবেক্ষণ করে আমদানিতে লাগাম টানা উচিত, যাতে কৃষকেরা ক্ষতিগ্রস্ত না হয়।

আরও পড়ুন