দ্রুত আর্কাইভস আইন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য-প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে একটি সহজ ও যুগোপযোগী আর্কাইভস আইন প্রণয়ন করতে হবে। অংশীজনদের মতামত নিয়ে এটি করতে হবে। আন্তর্জাতিক আর্কাইভস দিবস উপলক্ষে এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। 

প্রথম আলোর উদ্যোগে আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই গোলটেবিল। দিবসটি উদ্‌যাপনে প্রথম আলো গত তিন বছর ধরে এ ধরনের অনুষ্ঠান করে আসছে।
আলোচনায় অংশ নিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ আইনের ওপর জোর দিয়ে বলেন, অংশীজনদের মতামত নিয়ে তাঁরা আইনটি করতে চান। এ জন্য মতামত পেতে প্রস্তাবিত আইনের খসড়া ওয়েবসাইটে দেওয়া হবে।
গোলটেবিলে তথ্য অধিকার আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রস্তাবিত আইন করতে পরামর্শ দেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার।
প্রস্তাবিত আইনটি বড় না করার পরামর্শ দেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের সাবেক পরিচালক শরীফ উদ্দিন আহমেদ। তিনি বলেন, মূল আইনটি কয়েক পৃষ্ঠার মধ্যে করা উচিত। যেখানে মূল কথা থাকবে।
নথি ব্যবস্থাপনা ও আর্কাইভসের ওপর বাস্তবসম্মত প্রশিক্ষণের ওপর জোর দেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক অদুদুল বারি চৌধুরী।
মূল প্রবন্ধে প্রথম আলোর গবেষণা ও আর্কাইভসের উপদেষ্টা মুহাম্মদ লুৎফুল হক বলেন, ১৯৮৩ সালের অধ্যাদেশে আর্কাইভস ও নথি ব্যবস্থাপনার কাজ চলছে। কিন্তু পূর্ণাঙ্গ আইন না হওয়ায় দেশের নথি ব্যবস্থাপনায় কাঙিক্ষত ফল পাওয়া যাচ্ছে না। জাতীয় আর্কাইভসকে কার্যকর করতে অধিদপ্তরকে যথাযথ ক্ষমতা ও দায়িত্ব দেওয়া এবং জনবল বাড়ানোর পরামর্শ দেন তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক (বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেষণে কর্মরত) মো. নাসির উদ্দিন প্রস্তাব করেন, প্রস্তাবিত আইনের নাম সহজ হতে হবে। সে ক্ষেত্রে আর্কাইভস অ্যাক্ট হতে পারে। তবে যে নামেই করা হোক না কেন এটা দ্রুত করতে হবে।
আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরকে আলাদা করার ওপর গুরুত্বারোপ করেন অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মো. ইলিয়াছ মিয়া। গোলটেবিল সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।