সমঝোতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দ্রুত আলোচনার উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। গতকাল বুধবার রাতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কাছে সাংবাদিকেরা জানতে চান, আলোচনার জন্য বিরোধী দলকে চিঠি দেওয়া হবে কি না? জবাবে আশরাফ বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে। আলোচনা শেষ হলেই বিরোধী দলকে চিঠি দেওয়া হবে।
ওই বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা প্রথম আলোকে জানিয়েছেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রধানমন্ত্রীর দেওয়া সর্বদলীয় সরকারের প্রস্তাবের প্রতি সমর্থন ব্যক্ত করে বলেন, এর মধ্যে কিছুটা অস্পষ্টতা আছে। সর্বদলীয় সরকারের রূপরেখা কী হবে, সেটা স্পষ্ট করা দরকার।
এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এসব বিষয়ে আলোচনা করার জন্যই সবার সঙ্গে কথা বলছেন তিনি। জাতীয় পার্টির সঙ্গেও কথা বলেছেন। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকেও শিগগিরই ফোন করে নির্বাচনকালীন সরকারের বিষয়ে আলোচনার আহ্বান জানাবেন। সবার সঙ্গে আলোচনার পরই সর্বদলীয় সরকারের রূপরেখা চূড়ান্ত করা হবে।
তবে বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা জানান, সর্বদলীয় সরকারের প্রধান কে হবেন—এই বিষয়ে প্রধানমন্ত্রীও কিছু বলেননি। ১৪ দলের নেতারাও এই বিষয়টি জানতে চাননি।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে ২৫ অক্টোবর বিরোধী দল সংঘাত করতে চাইলে কীভাবে তা ঠেকানো হবে জানতে চাওয়া হয়। তখন প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও ধানমন্ডির কার্যালয়ে থাকবেন। ১৪ দলের নেতাদেরও তিনি সম্ভব হলে মাঠে থাকার আহ্বান জানান।
সূত্র জানিয়েছে, নির্বাচনকালীন সরকারের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রস্তাব দিয়েছেন, সেটির প্রতি পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছে ১৪ দল। একই সঙ্গে সংবিধানের ভেতরে থেকে নির্বাচনে এগিয়ে যাওয়া এবং ১৪ দল জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।
বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা জানান, জোটগতভাবে নির্বাচন হলে কার কী পাওনা কিংবা নির্বাচনে কার কী ভূমিকা হবে, সে বিষয়ে সুরাহা হয়নি। বৈঠকের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরিকদের বলেছেন, এই বিষয়ে শরিকদের সঙ্গে আলাদাভাবে কথা বলা হবে।
অন্যান্যের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের সভাপতি ওয়াজেদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।