সিলেটের তরুণ ব্যবসায়ী-প্রকৌশলী মেহরান সিদ্দিকী হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী সিলেট নগরের শিবগঞ্জের খরাদিপাড়ায় মেহরানের বাসায় গিয়ে তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পুলিশকে দ্রুত আসামি গ্রেপ্তারের নির্দেশ দেন অর্থমন্ত্রী।নগরের শিবগঞ্জের মেহরানকে ৯ ডিসেম্বর রাতে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদল, জাসাস ও স্বেচ্ছাসেবক দলের চার কর্মীসহ ১০ জনের নামোল্লেখ করে মেহরানের বাবা সিলেট মহানগর পুলিশের শাহ পরান থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ হত্যাকাণ্ডের ১২ দিন পরও কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি।অর্থমন্ত্রী গতকাল দুপুর দুইটায় মেহরানের বাসায় গেলে তাঁর বাবা আবদুল্লাহ সিদ্দিকী কান্নায় ভেঙে পড়েন। অর্থমন্ত্রী আবদুল্লাহ সিদ্দিকীর সঙ্গে একান্তে কথা বলেন। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘যারা তরুণকে হত্যা করেছে তারা মানুষ নয়। এদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি হওয়া উচিত।’ এ সময় অর্থমন্ত্রী উপস্থিত পুলিশ কর্মকর্তাদের দ্রুত আসামি ধরতে নির্দেশ দেন। আসামি গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে জানিয়ে মহানগর পুলিশের শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, আসামিরা গ্রেপ্তার এড়াতে ঘন ঘন অবস্থান পরিবর্তন করছে। মামলাকে গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ।