চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে গত বৃহস্পতিবার গ্যাসের বিষক্রিয়ায় চার শ্রমিক মারা গেছেন কর্তৃপক্ষের অবহেলার কারণেই। তাঁরা বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ঘটনার পর ইয়ার্ডের ফটক বন্ধ করে দেওয়ায় তাঁদের দ্রুত ও যথাসময়ে উদ্ধার করা যায়নি। আর এতেই তাঁদের মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় আরেফিন এন্টারপ্রাইজ নামের ওই ইয়ার্ডে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া শ্রমিকদের স্বজনেরা গতকাল শুক্রবার এসব অভিযোগ করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, জাহাজে কার্বন ডাই-অক্সাইডের সিলিন্ডারটি বিস্ফোরিত হওয়ার পর শ্রমিক জসিম উদ্দিন তাঁদের উদ্ধারের জন্য স্বজনদের ফোন করে আকুতি জানিয়েছিলেন। স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছেছিলেনও। কিন্তু দুর্ঘটনার পর ইয়ার্ডের ফটক বন্ধ করে দেওয়ায় স্বজনেরা যথাসময়ে ভেতরে ঢুকতে পারেননি। পরে দারোয়ানকে মারধর করে ফটক ভেঙে ভেতরে ঢুকে উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয় লোকজন। দুই ঘণ্টা পর তাঁদের উদ্ধার করে আল আমিন হাসপাতালে নেওয়া হলে জসিমসহ চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলায় এতগুলো মৃত্যু হয়েছে।
জানা গেছে, স্ত্রী দুশ্চিন্তা করবে ভেবে জসিম তাঁকে উদ্ধারের জন্য ফোন করেন তাঁর খালা, চাচা ও স্ত্রীর বড় ভাইকে। মাত্র তিন মাস আগে বিয়ে হয় জসিম উদ্দিনের। স্বামীর মৃত্যুর খবরে বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি। নেজাম উদ্দিন নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘ভেতর থেকে টেলিফোনে খবর পেয়ে আমরা ফটকে যাই। এক ঘণ্টা ধরে গেট খোলে না। পরে গেট ভেঙে লোকজন ভেতরে ঢোকেন। এরপর আস্তে আস্তে আহত ব্যক্তিদের বের করা হয়।’ স্বজনদের আরও অভিযোগ, হতাহত ব্যক্তিদের পাঠানোর জন্য কোনো গাড়িও দেওয়া হয়নি। শহর থেকে অ্যাম্বুলেন্স গিয়ে সীতাকুণ্ড থেকে আহত ব্যক্তিদের আনার ব্যবস্থা করা হয়।
আহাজারি: গতকাল লাশ সীতাকুণ্ডের সোনাইছড়ির বাড়িতে নেওয়ার পর জসিমের মা ও স্ত্রী বারবার মূর্ছা যাচ্ছিলেন। তাঁর বাবা ফুল মিয়া বলেন, ‘মাত্র বিয়ে করালাম ছেলেকে। আমার ছেলে চিকিৎসাটাও পেল না।’ একই চিত্র দেখা গেছে অপর নিহত মো. আরিফের জঙ্গল পাহাড়তলীর বাড়িতে। আরিফের স্ত্রী খালেদা বেগম পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। মা ফিরোজা বেগম কেবল কাঁদছেন। একই ঘটনায় আহত হয়েছেন আকবর হোসেন আরিফের ভাই। তিনি এখনো হাসপাতালে।
আল আমিন হাসপাতাল: শিপইয়ার্ডে যেকোনো দুর্ঘটনা ঘটলেই আহত ব্যক্তিদের এই হাসপাতালে নেওয়া হয়। নগরের অলঙ্কার মোড়ের এই হাসপাতালটিতে আধুনিক কোনো চিকিৎসাব্যবস্থা নেই। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সরকারি হাসপাতালে নেওয়া হলে বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই এই কৌশল। আল আমিন হাসপাতালের ব্যবস্থাপক নুরুল আমিন বলেন, ‘আমাদের হাসপাতাল শহরে ঢোকার মুখে, তাই হয়তো আনা হয়। তবে আমাদের সঙ্গে কারও কোনো চুক্তি নেই। আমাদের উন্নত চিকিৎসাব্যবস্থা নেই। আইসিইউ নেই। সিরিয়াস হলে মেডিকেলে নিয়ে যেতে বলি।’
জাহাজভাঙা ইয়ার্ড নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে বেলা, ইপসাসহ কয়েকটি পরিবেশবাদী সংগঠন। ইপসার প্রোগ্রাম ব্যবস্থাপক মো. আলী শাহীন বলেন, প্রতিটি ঘটনা প্রথমে ধামাচাপা দিতে চায় কর্তৃপক্ষ। এ কারণে গেট বন্ধ করে দেয়। এরপর পাঠানো হয় আল আমিন হাসপাতালে। সেখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না।
মামলা: ইয়ার্ডে দুর্ঘটনার ঘটনায় সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে জাহাজের ইলেকট্রনিকস সরঞ্জাম কেনার জন্য চুক্তিবদ্ধ দুই ঠিকাদারকে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, ‘এখানে দুই ঠিকাদার মালামালগুলো কিনেছিলেন। এই সরঞ্জাম খোলার সময় দুর্ঘটনা ঘটে। তারা সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করেনি। তবে ইয়ার্ড মালিকের নামও মামলায় এসেছে।