দ্রুত উন্নয়নে চাই বহুমুখী শিক্ষা: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দ্রুত উন্নয়নের লক্ষ্যে গতানুগতিক শিক্ষার পরিবর্তে বহুমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন। শিক্ষাকে দারিদ্র্য বিমোচনের প্রধান হাতিয়ার হিসেবে অভিহিত করে তিনি বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতিই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে না।বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের (বিইউসি) স্থায়ী কমিটির সদস্যরা গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তাঁর পূর্ববর্তী সরকারের আমলে দেশে ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই প্রকল্প বন্ধ করে দেয়। এবার আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার পর বিশ্ববিদ্যালয়গুলো চালু করা হয়।প্রধানমন্ত্রী বলেন, ঝরে পড়া বন্ধ ও অভিভাবকদের বোঝা কমাতে তাঁর সরকার মাধ্যমিক পর্যায়ে বিনা মূল্যে বোর্ডের বই এবং এক কোটি ১৯ লাখ শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে ও স্থানীয়ভাবে দুপুরের খাবারের ব্যবস্থা করেছে। তিনি বলেন, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখতে সহায়তার জন্য বর্তমান সরকার এক হাজার কোটি টাকায় প্রধানমন্ত্রীর শিক্ষা ট্রাস্ট তহবিল চালু করেছে।শেখ হাসিনা শিক্ষকদের প্রতি শিক্ষাঙ্গনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের জাতির ভবিষ্যৎ নেতা হিসেবে গড়ে তোলা আপনাদের দায়িত্ব। শিক্ষকদের কিছু দাবির জবাবে তিনি সংশ্ল্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে তহবিল সংগ্রহের পরামর্শ দেন।শেখ হাসিনা নিয়মিত আয়কর পরিশোধ করে দেশের উন্নয়নে অধিকতর অবদান রাখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্রপতি ছাড়া সব মন্ত্রী ও সাংসদ আয়কর দিচ্ছেন। সর্বক্ষেত্রে আত্মনির্ভরশীলতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, একটি ভিক্ষুক জাতির কোনো মর্যাদা ও সম্মান নেই। আমরা কারও কাছে ভিক্ষা করতে চাই না। নিজেদের পায়ে দাঁড়াতে চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষা, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ বিভিন্ন খাতে ব্যাপক সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স ৬২ থেকে ৬৫ বছরে উন্নীত করায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।