দ্রুত এগোচ্ছে তিন বড় বিদ্যুৎকেন্দ্রের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় বছরের মধ্যে দুটি বড় বেসরকারি বিদ্যুৎকেন্দ্র উৎপাদন শুরু করবে। এ ছাড়া সরকারি খাতের ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশের (ইজিসিবি) একটি বড় কেন্দ্র চলতি মাসেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে।দুটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্রই সামিট গ্রুপের। এর মধ্যে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে নির্মাণাধীন ৩৫৩ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটিতে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে আগামী আগস্ট মাসে। বিদ্যুৎকেন্দ্রটি দ্বৈত জ্বালানিভিত্তিক (গ্যাস/ফার্নেস অয়েল)। তাদের প্রায় একই ক্ষমতার গ্যাসভিত্তিক বিবিয়ানা-২ কেন্দ্রে উৎপাদন শুরু হবে আগামী বছরের জুলাই মাসে।অন্যদিকে নারায়ণগঞ্জের হরিপুরে সরকারি প্রতিষ্ঠান ইজিসিবির নির্মাণাধীন কেন্দ্রটি চলতি মাসেই চালু হবে বলে সরকারি সূত্র জানায়। ৪১২ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটি গ্যাসভিত্তিক।গত বুধবার একদল সাংবাদিক মেঘনাঘাটে সামিট-জিইর নির্মাণাধীন কেন্দ্রটি পরিদর্শনে গেলে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান তাঁদের সঙ্গে কথা বলেন। এ সময় গ্রুপের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফরিদ খান এবং কেন্দ্রটির নির্মাণকারী ও নির্মাণকাজ তদারককারী দেশি-বিদেশি কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আজিজ খান বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) মাত্র কয়েক দিন আগে (গত ৩১ মার্চ) সামিটকে বিবিয়ানা-২ কেন্দ্রটি স্থাপনের জায়গা আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটি আগে থেকেই অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করে রাখায় এখন থেকে মাত্র ১৬ মাসের মাথায় উৎপাদন শুরু করা সম্ভব হবে।প্রায় ২৬ একর জমির ওপর নির্মাণাধীন মেঘনাঘাট কেন্দ্রটি পরিদর্শনের সময় দেখা যায়, কেন্দ্রের প্রধান যন্ত্র—দুটি গ্যাস টারবাইন ও দুটি জেনারেটর বার্জ থেকে নামিয়ে প্রায় দুই কিলোমিটার দূরবর্তী নির্মাণস্থলে নেওয়া হচ্ছে। ফ্রান্স থেকে আনা জিইর এই যন্ত্রগুলোর একেকটির ওজন প্রায় ৩০০ মেট্রিক টন। অন্যান্য যন্ত্রপাতিরও প্রায় ৮০ শতাংশ চলে এসেছে। কেন্দ্রটির স্টিম টারবাইন যেহেতু আগামী বছরের আগস্টে চালু করার সময় নির্ধারিত, সেহেতু সংশ্লিষ্ট অন্যান্য যন্ত্রপাতি আসবে আরও কিছুদিন পর। কেন্দ্রটির নির্মাণস্থলের ভৌত কাজকর্ম শেষ পর্যায়ে। ২০ হাজার টন ধারণক্ষমতার একটি তেলাধারও নির্মাণ করতে হচ্ছে। সেটির কাজ চলছে। প্রায় ২৫০ জন চীনাসহ নানা পর্যায়ের প্রায় এক হাজার লোক এ প্রকল্পে কাজ করছেন।মেঘনাঘাটের কেন্দ্রটিতে বিদ্যুৎ খাতে দেশের প্রথম ও শীর্ষ প্রতিষ্ঠান সামিটের মালিকানা ৮০ শতাংশ। অবশিষ্ট ২০ শতাংশ যুক্তরাষ্ট্রের জিই এনার্জি এলএলসির। কেন্দ্রটি স্থাপনে ব্র্যাক, ট্রাস্ট, সিটি ও ইসলামী ব্যাংক মিলে প্রায় ১৪ কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছে। বড় বিদ্যুৎকেন্দ্রগুলো চালু হওয়া প্রসঙ্গে বিদ্যুৎ মন্ত্রণালয় ও পিডিবির সূত্রগুলো জানায়, এগুলোর পাশাপাশি আগামী জুলাই মাসে ভারত থেকেও ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হচ্ছে। ফলে বিদ্যুৎ উৎপাদনে একটি স্থিতিশীল অবস্থা চলে আসবে। তবে সরকারের পরিকল্পিত কয়লাভিত্তিক বড় কেন্দ্রগুলো স্থাপনের অগ্রগতি আশাব্যঞ্জক নয়। আর গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোর ক্ষেত্রে সব সময় চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়ার অনিশ্চয়তা এখনো বড় সমস্যা হিসেবেই রয়ে গেছে।