পার্বত্য চট্টগ্রামে গত কয়েক দিনের সহিংসতা ও হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট নাগরিকেরাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। তাঁরা দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি: সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক এক বিবৃতিতে বলেছেন, গতকাল মঙ্গলবার খাগড়াছড়িতে সংঘটিত সহিংসতা সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তাঁরা দাবি করেন, রাঙামাটির বাঘাইহাটের সহিংসতার পর গতকালের ঘটনা প্রমাণ করে যে পার্বত্য চট্টগ্রামে যা কিছু ঘটছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, এগুলো তাদেরই সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। সবকিছুই ঘটছে বিএনপি-জামায়াতের ছত্রচ্ছায়ায়।উদ্বিগ্ন নাগরিকেরা: দেশের কয়েকজন বিশিষ্ট নাগরিক এক বিবৃতিতে গঙ্গারামমুখ এলাকায় সেনাক্যাম্প থাকা সত্ত্বেও স্থানীয় জনগণের বাড়িতে অগ্নিসংযোগ ও গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল মঙ্গলবার দেওয়া বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে স্থানীয় ও বহিরাগত জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠার পথে দীর্ঘদিন ধরে বাধা সৃষ্টিকারী স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এমনটি ঘটেছে। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সুলতানা কামাল, রওনক জাহান, আনিসুর রহমান, খুশী কবির, সেলিনা হোসেন, মেঘনা গুহঠাকুরতা, সারা হোসেন, এম এম আকাশ, ফস্টিন পেরেরা প্রমুখ। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ এবং তার ভিত্তিতে সুষ্ঠু ও ন্যায়বিচারের দাবি করেছেন।মানবাধিকার সংগঠন: বাংলাদেশ মহিলা পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র, নাগরিক উদ্যোগ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থাসহ আরও কয়েকটি সংগঠন একই রকম উত্কণ্ঠা প্রকাশ করে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী: দলটির আমির মতিউর রহমান নিজামী গতকাল এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামের ঘটনাবলিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সেখানকার জনগণ আতঙ্কের মধ্যে বসবাস করছে। ‘বিশেষজ্ঞদের’ উদ্ধৃত করে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহারের ফলেই এই ভারসাম্যহীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি ‘বিরাজমান বাস্তব পরিস্থিতি’ বিবেচনা করে সেখানে আবার সেনাক্যাম্প স্থাপনসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান।ইউপিডিএফ: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রবিশঙ্কর চাকমা এক বিবৃতিতে খাগড়াছড়িতে বসতকারীদের হামলার নিন্দা করেছেন। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। সেনাবাহিনী ও বসতকারীদের প্রত্যাহার না করা পর্যন্ত শান্তি ফিরে আসবে না বলে মন্তব্য করেন রবিশঙ্কর।ঢাকায় পাহাড়িদের বিক্ষোভ: বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, রাঙামাটির বাঘাইহাটে পাহাড়িদের ওপর হামলা এবং নতুন করে গতকাল খাগড়াছড়ির বেশ কিছু এলাকায় অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ি ছাত্রদের সংগঠনগুলো।পার্বত্য এলাকার দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে এক সমাবেশে অবিলম্বে সেনাক্যাম্প সরিয়ে হামলাকারীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করার দাবি জানায়। সমাবেশ শেষে তারা একটি মিছিল বের করে, যা পল্টন এলাকা প্রদক্ষিণের পর আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সমাবেশের সঙ্গে একাত্মতা ঘোষণা করে।পাহাড়ি ছাত্র পরিষদের আরেকটি অংশ ‘পাহাড়ি ছাত্র পরিষদ ও পাহাড়ি ছাত্র জনতা’র ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলা থেকে বিক্ষোভ মিছিল শেষে মুক্তাঙ্গনে গিয়ে সমাবেশ করে।চাল টাকা টিন বরাদ্দ: বাঘাইহাট-গঙ্গারামমুখ এলাকায় বাড়িঘরে অগ্নিসংযোগের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় খয়রাতি সাহায্য হিসেবে ১০০ মেট্রিক টন চাল, পাঁচ লাখ টাকা ও ৫০০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ করেছে। গতকাল রাঙামাটির জেলা প্রশাসক বরাবর এ বরাদ্দ পাঠানো হয়েছে।এদিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে গতকাল তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।