দ্রুত কর্মসংস্থানের দাবি লিবিয়াফেরত কর্মীদের
লিবিয়াফেরত বাংলাদেশি কর্মীরা তাঁদের জন্য দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন। তাঁরা বলেছেন, জমি বিক্রি কিংবা ধারদেনার মাধ্যমে দু-তিন লাখ টাকা খরচ করে তাঁরা সেখানে গিয়েছিলেন, কিন্তু দেশে ফিরেছেন খালি হাতে। এখন সরকার কাজের ব্যবস্থা না করলে পরিবার-পরিজন নিয়ে তাঁদের না খেয়ে মরতে হবে।গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিবিয়াফেরত বাংলাদেশি শ্রমিকেরা এ দাবি জানান।সংবাদ সম্মেলনে এই প্রবাসীরা জানান, লিবিয়ার পরিস্থিতি যখন খারাপ হতে শুরু করে, তখন তাঁরা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু দূতাবাসের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি। তাঁরা সীমান্তে যখন না খেয়ে ছিলেন, তখন দূতাবাসের পক্ষ থেকে খাবার তো দূরের কথা এক বোতল পানির ব্যবস্থাও করা হয়নি। অথচ অন্য দেশের দূতাবাস তাদের শ্রমিকদের কল্যাণে সব সময় কাজ করেছে।সংবাদ সম্মেলনে লিবিয়াফেরত শ্রমিকদের অগ্রাধিকারের ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সুদমুক্ত ঋণ প্রদান, লিবীয় সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়, নিয়োগকারী কোম্পানির কাছ থেকে বকেয়া বেতন আদায়, বার্ষিক বোনাস ও বিমানভাড়ার অর্থ আদায়, বিদেশগামী শ্রমিকদের জন্য ঝুঁকিবিমা নিশ্চিত করাসহ ১০ দফা দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান লিবিয়া-প্রবাসী কল্যাণ সমিতির যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ। বক্তব্য দেন সমিতির আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল, কিশোর কুমার দাস, সদস্যসচিব মমিনুর রহমান তালুকদার, আবু সাঈদ প্রমুখ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় লিবিয়া থেকে দেশে ফিরেছেন এসব শ্রমিক। সংবাদ সম্মেলন শেষে তাঁরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।