দ্রুত ক্ষতিপূরণ ও সুষ্ঠু পরিকল্পনা নিশ্চিত করার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ প্রকল্পে ভূমি অধিগ্রহণ করা হলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দ্রুত পরিশোধ করতে হবে। পুনর্বাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সামাজিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। আর প্রকল্প কম গুরুত্বপূর্ণ হলে বা তার বাস্তবায়ন অনিশ্চিত হলে মানুষকে বাস্তুচ্যুত করে ভূমি অধিগ্রহণ না করাই ভালো।স্থানীয় একটি হোটেলে উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণ বিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে গতকাল বুধবার এ কথা বলা হয়। ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এই সম্মেলনের আয়োজক। সমাপনী দিনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, দেশে প্রতি বছর নদী ভাঙনে ১০ লাখ লোক ভিটে-মাটি হারায়। উন্নয়ন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত হয় ৪০ হাজার মানুষ। পুনর্বাসনের ক্ষেত্রে তাদের সবাইকে একটি ছাতার নিচে নিয়ে আসার চিন্তা করতে হবে। আরেক সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, ভূমি অধিগ্রহণের সময় জমির প্রকৃত চাহিদা যৌক্তিকভাবে নিরূপণ করতে হবে। ভূমি ব্যবহারেও দক্ষতা প্রয়োজন। ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে এবং যথাসময়ে পুনর্বাসন করতে হবে।