দ্রুত ক্ষতিপূরণের টাকা চায় এলাকার বাসিন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি-সংলগ্ন এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দারা দ্রুত সরকার-ঘোষিত ক্ষতিপূরণের টাকা দাবি করেছে। টানা বর্ষণে পানিবন্দী হয়ে পড়ায় তাদেরকে সেখানে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। এ কারণে সরকার বসতি ও ফসলি জমির ক্ষতিপূরণ বাবদ যে অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে, তা নিয়ে তারা অন্যত্র চলে যেতে চাইছে।এলাকাবাসী জানান, বিস্তৃত এলাকার ভূগর্ভস্থ কয়লা তুলে নেওয়ার ফলে আশপাশের ফসলি ও বসতি জমি দেবে গেছে। বুধবার দুপুরে গিয়ে দেখা গেছে, বড়পুকুরিয়া বাজার থেকে কালুপাড়া সড়ক, ফুলবাড়ী-বড়পুকুরিয়া বাজার সড়কের আংশিক এবং মৌপুকুর, জিগাগাড়ী ও বাঁশপুকুর গ্রামের কাঁচা সড়কগুলো পানিতে ডুবে আছে। মৌপুকুর ও জিগাগাড়ী গ্রামের অর্ধেকেরও বেশি বাড়ির আঙিনা ও বারান্দায় পানি উঠেছে। গ্রামবাসী তাদের গবাদিপশু ও আসবাব অন্য গ্রামে আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, ভূগর্ভস্থ কয়লা তোলার কারণে কালুপাড়া, জিগাগাড়ী, বলরামপুর, পাতরাপাড়া, মৌপুকুরসহ ১০টি গ্রামের বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফাটল দেখা দিয়েছে। সরকারি হিসাবেই ফসলি জমি ও রাস্তাঘাটসহ মোট ৬২৭ দশমিক ৭৩ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৪৮৬ একরই ধানের জমি। বাকি ১৪১ দশমিক ৭৩ একর জমিতে বসতভিটা, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট রয়েছে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকার ক্ষতিগ্রস্ত জমি অধিগ্রহণ করে জমির ধরন ভেদে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফসলি জমি একরপ্রতি ২০ লাখ এবং বসতি জমি একরপ্রতি ২৫ লাখ টাকায় অধিগ্রহণ করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া ভূমিহীনদের (যাদের নিজস্ব জমি নেই, তবে সরকারি জায়গায় দীর্ঘদিন বাস করছে) দুই লাখ টাকা করে এবং উচ্ছেদ করা ক্ষুদ্র ব্যবসায়ীদের ৫০ হাজার টাকা দেওয়ারও ঘোষণা দেওয়া হয়। অধিগ্রহণের টাকা পরিশোধ করার আগ পর্যন্ত কৃষকদের শস্যের ক্ষতিপূরণ বাবদ আমন ও ইরি-বোরো মৌসুমে (মোট দুই মৌসুম) একরপ্রতি ৩৫ হাজার ৬০০ টাকা দেওয়ারও ঘোষণা দেওয়া হয়।কৃষকেরা জানান, এ পর্যন্ত তাঁরা ২০০ একর জমির দুটি মৌসুমের শস্যের ক্ষতিপূরণের টাকা পেয়েছেন। কিন্তু গত দুই মৌসুমের ক্ষতিপূরণের টাকা এখনো পাননি। ক্ষতিগ্রস্ত কৃষক আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘সরকার হামাক ক্ষতিপূরণের টাকা কী দ্যাওছে (দিচ্ছে) দিক, হারা (আমরা) ঘরদুয়ার থুয়া এ্যাটে (এখান) থাকি চলে যামো।’কিছুদিন আগেও ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মধ্যে বসতভিটা ছেড়ে যাওয়া নিয়ে দুটি পক্ষ সক্রিয় ছিল। ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’ নামের একটি পক্ষ অধিগ্রহণের পক্ষে ছিল। অন্যদিকে ‘ভূমি ও সম্পদ রক্ষা কমিটি’ নামে অপর একটি পক্ষ এর বিরোধিতা করেছিল। তবে বিরোধিতাকারীরাও এখন ক্ষতিপূরণ নিয়ে সরে যাওয়ার পক্ষে এসেছে।‘ভূমি ও সম্পদ রক্ষা কমিটি’র উপদেষ্টা আবদুস সামাদ মাস্টার বলেছেন, এই এলাকার মানুষের জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই তারা চায়, সরকার যত তাড়াতাড়ি সম্ভব তাদের পুনর্বাসন করুক। ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’র আহ্বায়ক ইব্রাহিম খলিলও দ্রুত ক্ষতিপূরণের টাকা দেওয়ার দাবি জানান।খনির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান মুঠোফোনে বলেন, জেলা প্রশাসকের দপ্তরে টাকা জমা হয়েছে। অল্প দিনের মধ্যে বিষয়টির সুরাহা হবে।