প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় এতিমদের জন্য দ্রুত খাদ্য সরবরাহে প্রয়োজনীয় অর্থ বরাদ্দে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এতিমখানাটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।
খাদ্য সরবরাহে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এক সপ্তাহের মধ্যে এতিমখানার সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। অন্যথায় ২০ মে তাঁদের আদালতে হাজির হয়ে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে। জনৈক মুরসালিন খানের পক্ষে আবেদনটি করেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি আইনজীবী মনজিল মোরসেদ।