দ্রুত গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন

সংযোগ ফি ও জামানতের টাকা জমা দেওয়ার ১৮ কার্যদিবসের মধ্যে আবাসিক গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানিয়েছে চট্টগ্রামের গ্রাহক ও ঠিকাদারদের কয়েকটি সমিতি। আজ বুধবার এ দাবিতে নগরের ষোলোশহর এলাকায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কার্যালয়ের সামনে মানববন্ধন করে তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্যাস বিক্রয় নীতিমালা অনুযায়ী টাকা জমা দেওয়ার ১৮ কার্যদিবসের মধ্যে গ্রাহকদের সংযোগ দেওয়া হবে। অথচ চট্টগ্রামের প্রায় ২০ হাজার গ্রাহক টাকা জমা দিয়ে এক বছরের মধ্যেও গ্যাসের সংযোগ পাচ্ছেন না। এতে গ্যাস প্রত্যাশী গ্রাহকদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে। অনেকে বাড়ি বানিয়েও ভাড়া দিতে পারছেন না।
মানববন্ধনে ঠিকাদারেরা বলেন, নির্ধারিত সময়ে সংযোগ না দেওয়ার ব্যর্থতা কর্ণফুলী গ্যাস কোম্পানির। অথচ এ নিয়ে প্রতিনিয়ত গ্রাহকদের কাছে ঠিকাদারদের নাজেহাল হতে হচ্ছে। অনেক এলাকায় ঠিকাদারেরা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। এ জন্য নির্ধারিত সময়ে সংযোগ দিতে না পারার ব্যর্থতা স্বীকার করে কর্তৃপক্ষের উচিত বিজ্ঞপ্তি প্রকাশ করা।
মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম গ্যাস-বিদ্যুৎ-পানি গ্রাহক কল্যাণ পরিষদের সভাপতি নেছার আহমেদ, চট্টগ্রাম গ্রাহক কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি জাফর আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, চট্টগ্রাম গ্যাস-বিদ্যুৎ-পানি গ্রাহক ঐক্যজোটের সাধারণ সম্পাদক আলমগীর নূর, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ কে এম অলিউল্লাহ প্রমুখ।
সাত দিনের মধ্যে গ্রাহক ও ঠিকাদারদের দাবি মানা না হলে আরও কর্মসূচি নেওয়া হবে বলে মানববন্ধনে জানানো হয়।