প্রধানমন্ত্রী আসবেন, তাই রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের রাজবাড়ীর পাংশায় চন্দনী সেতুর সংযোগ সড়ক নির্মাণের কাজ দ্রুত চলছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, সেতুটি উদ্বোধনের আগে নির্মাণকাজ সম্পন্ন করা যাবে না।
প্রশাসন ও দলীয় সূত্র জানায়, ২ নভেম্বর শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজবাড়ীর পাংশা কলেজ মাঠে জনসভায় এ সেতুসহ ১০টি প্রকল্প উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
রাজবাড়ী সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় সূত্র জানায়, তিন কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের চন্দনী সেতু নির্মাণ করা হয়। ৩৬ দশমিক ৬ মিটার দীর্ঘ মূল সেতুর নির্মাণকাজ শেষ হয় চলতি বছরের ২৯ জুন। সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের জন্য ১ সেপ্টেম্বর দরপত্র আহ্বান করা হয়। সংযোগ সড়ক নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এলিয়ান কনস্ট্রাকশন। এ জন্য ব্যয় ধরা হয়েছে ২২ লাখ ৪৫ হাজার টাকা। কার্যাদেশ অনুযায়ী কাজটি শুরুর দিন থেকে ৪৫ দিনের মধ্যে শেষ হওয়ার কথা।
স্থানীয় বাসিন্দা কার্ত্তিক চন্দ্র দাস জানান, চলতি বছরের ১৬ জানুয়ারি যোগাযোগমন্ত্রী এই সেতু পরিদর্শনের সময় জুন মাসে উদ্বোধনের ঘোষণা দেন। কিন্তু নির্মাণকাজ শেষ না হওয়ায় ওই সময়ে তা করা সম্ভব হয়নি। ২ নভেম্বর উদ্বোধনের পরেও সেতুটি যানবাহন চলাচলের উপযোগী করা যাবে না বলে তিনি আশঙ্কা করছেন।
হরিনদাড়া গ্রামের বাসিন্দা নজরুল শেখ (২০) জানান, ঢিমেতালে কাজ করার জন্যই নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। এখন দ্রুত গতিতে কাজ হচ্ছে। তিনি আশঙ্কা করছেন, প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর আবারও কাজের গতি কমে যেতে পারে।
সংযোগ সড়কের নির্মাণশ্রমিক আবদুস সাত্তার, বাবলু ব্যাপারীসহ কয়েকজন জানান, তাঁরা ২৫ জন শ্রমিক কাজ করছেন। কিন্তু এই অল্প সময়ের মধ্যে কোনোভাবেই কাজ সম্পন্ন করা সম্ভব নয়। তবে সাধারণভাবে চলাচলের উপযোগী করা যাবে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এলিয়ান কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী জাকির আহমেদ বলেন, ‘আমি ২৩ অক্টোবর কার্যাদেশ পেয়েছি। সেতু উদ্বোধনের আগে কাজ শেষ না হলেও চলাচলের উপযোগী করে দেওয়া হবে।’
রাজবাড়ী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমীরন রায় বলেন, ‘ইতিমধ্যে সংযোগ সড়কের ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। দ্রুত এ কাজ শেষ হবে বলে আশা করছি।’