দ্রুত চিকিৎসা করা না গেলে শাহিনের ডান চোখও নষ্ট হয়ে যাবে
ঢাকার দক্ষিণখান থানার ফায়দাবাদ মধ্যপাড়ার মুক্তিযোদ্ধা ইবাদত ইসলাম শাহিন পেশায় টাইলস মিস্ত্রি। গত বছরের ২৯ সেপ্টেম্বর টাইলস কাটা যন্ত্রের ব্লেড ভেঙে তাঁর বাঁ চোখে ঢুকে যায়। উত্তরার জাহান আরা ক্লিনিকে তাঁর চোখে অস্ত্রোপচার করা হয়। কিন্তু চোখটি নষ্ট হয়ে যাওয়ায় চিকিৎসকেরা এটি সম্পূর্ণ তুলে ফেলেন। এতে বর্তমানে তাঁর ডান চোখেও সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ডান চোখের দ্রুত আধুনিক চিকিৎসা করা না গেলে এটিও নষ্ট হয়ে যাবে। তাঁরা বলেন, ব্যয়বহুল এ চিকিৎসায় প্রায় পাঁচ লাখ টাকা দরকার। কিন্তু দরিদ্র শাহিনের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় তাঁর পরিবার সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. শাহিনুর ইসলাম (ইবাদত), ব্যাংক হিসাব নং-৩০৬০, রূপালী ব্যাংক লিমিটেড, উত্তরা মডেল টাউন, ঢাকা। বিজ্ঞপ্তি।