দ্রুত ছোটেন চালকেরা, প্রাণ যায় পথচারীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ২০ মিনিট সময় নষ্ট করতে রাজি নন বাসচালকেরা। তাই তাঁরা দ্রুতগতিতে বাস চালান। এর ফলে ঘটছে দুর্ঘটনা। গত ছয় মাসে রংপুর বাস টার্মিনাল থেকে মেডিকেল মোড় এবং তারাগঞ্জ পর্যন্ত মহাসড়কে ২০টি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে মারা গেছে ১১ জন। আহত ও পঙ্গু হয়েছে অনেকেই।রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলা যেতে প্রতিটি বাস যথাসময়ে ছেড়ে যায়। বাস টার্মিনাল থেকে মাত্র দেড় কিলোমিটার ছেড়ে যাওয়ার পর শহরের মেডিকেল মোড়ে এসে প্রতিটি বাস বিরতি দেয়, যার স্থায়িত্ব ১৫ থেকে ২০ মিনিট।অভিযোগ রয়েছে, বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময়ে প্রতিটি বাস ছেড়ে যায় ঠিকই, কিন্তু চলাচল করে দ্রুতগতিতে। মেডিকেল মোড়ে কত কম সময়ের মধ্যে পৌঁছতে পারবে, তারই প্রতিযোগিতা চলে। এর ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত ছয় মাসের ব্যবধানে এই দেড় কিলোমিটার রাস্তার মধ্যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের কৃতী শিক্ষার্থী আজমেরী সুলতানা ওরফে লিমাসহ মারা গেছে ছয়জন।গৃহিণী রোকসানা আক্তার বলেন, এই সড়ক পারাপারের সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। একজন শিক্ষার্থীর মা রুবিনা আক্তার বলেন, ‘বাসের উচ্চ স্বরে হর্ন বাজানো এবং দ্রুতগতিতে চলার কারণে মেয়েকে বুকের মধ্যে আগলে রাখি।’পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুধু দেড় কিলোমিটারেই নয়। মেডিকেল মোড়ে ১৫ থেকে ২০ মিনিট বাস দাঁড়িয়ে থাকতে থাকতে বাস টার্মিনাল থেকে পরের বাস এলে ওই বাসটি সেখান থেকে বিভিন্ন রুটের উদ্দেশে ছেড়ে যায়। এই ২০ মিনিট দেরি হওয়ার কারণে ওই সময়টুকু পূরণ (কভার) করতে প্রতিটি বাসই ছুটে চলে দ্রুতগতিতে। নির্দিষ্ট সময়ে বাস পৌঁছতে না পারলে ওই গাড়ির রুট বাতিল হতে পারে বলে জানান একজন গাড়িচালক সোলায়মান মিয়া।হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) এ বি এম রেজাউল ইসলাম বলেন, গাড়িগুলো বেপরোয়া ও দ্রুতগতিতে চলাচল করে থাকে। সময় পূরণ করার জন্যই বাসগুলো দ্রুতগতিতে ছুটে চলে। বিষয়টি দেখার জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মোটরমালিক সমিতিকে জানানো হলেও এ ব্যাপারে তাদের কোনো উদ্যোগই নেই।জেলা মোটরমালিক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ মশিউর রহমান প্রথম আলোকে বলেন, গাড়ি দ্রুত না চলার জন্য প্রতিটি গাড়িচালককে বলা হয়েছে।