বঙ্গবন্ধু কী চাইতেন, তাজউদ্দীন আহমদ তা পরিপূর্ণভাবে বুঝতে পারতেন। বঙ্গবন্ধুর চিন্তা-চেতনা তাজউদ্দীন আহমদ সম্পূর্ণভাবে ধারণ করতেন। বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা তৈরি করে বঙ্গবন্ধুর হাতে দিয়েছিলেন জাতীয় চার নেতার একজন তাজউদ্দীন আহমদ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে জেলহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন। মন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান রচনা কমিটির চেয়ারম্যান ছিলেন ড. কামাল হোসেন। তাজউদ্দীন আহমদ ওই সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন। কামাল হোসেনের রচিত সংবিধানের যেসব শব্দ তাজউদ্দীন আহমদ আন্ডারলাইন করে বাদ দিতে বলেছেন, বঙ্গবন্ধু তাতেই সায় দিয়েছিলেন।
এ ছাড়া চার নেতার স্মরণে সকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়। ঢাকার নবাবগঞ্জে শোক র্যালি করেছে উপজেলা ছাত্রলীগ। এসব কর্মসূচি থেকে অবিলম্বে জেলহত্যা মামলার রায় কার্যকরের দাবি জানানো হয়।
বেলা ১১টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সুবাস চন্দ্রের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক, নার্স ও কর্মচারীরা চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে আলোচনায় অংশ নেন সুবাস চন্দ্র, কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ। বক্তারা জাতীয় চার নেতার ঘাতক ও পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
দুপুর ১২টায় দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ও নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগ যৌথভাবে কলেজ থেকে শোক র্যালি বের করে। র্যালিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় পর্যন্ত যায়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সভা করা হয়। সভায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারের ভেতরে নিহত জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বাধীনতাসংগ্রামে তাঁদের অবদানের কথা তুলে ধরে জেলহত্যা মামলার রায় অবিলম্বে কার্যকরের আহ্বান জানান তাঁরা।
গাজীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে আলোচনা সভায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতউল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী আলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।