দ্রুত তথ্য অধিকার আইন বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত তথ্য অধিকার আইন বাস্তবায়নের দাবি জানিয়েছে তথ্য অধিকার ফোরাম। এ ছাড়া সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে দ্রুততম সময়ে তথ্য প্রাপ্তি নিশ্চিত করা, তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন সংসদে আলোচনা ও জনসমক্ষে প্রকাশ, জনস্বার্থে সম্পাদিত সব জাতীয় ও আন্তর্জাতিক চুক্তি সংসদে আলোচনা এবং সেগুলো জনসমক্ষে প্রকাশের দাবি জানানো হয়েছে।গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস’ উপলক্ষে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসব দাবি জানানো হয়। ‘জানার অধিকার আপনার মানবাধিকার’ স্লোগান সামনে রেখে অবাধ তথ্য প্রবাহ ও সবার তথ্য জানার অধিকার নিশ্চিত করার দাবিতে প্রচারপত্র বিতরণ, বিভিন্ন ধরনের ফেস্টুন ও ব্যানারের মাধ্যমে দাবিগুলো উপস্থাপন করে তথ্য অধিকার ফোরাম।মানববন্ধন কর্মসূচিতে তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম, সানজিদা সোবহান, রেহানা সুলতানা, মোস্তফা কামাল আকন্দসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।ফোরামের নেতারা জানান, বর্তমান সরকার ২০০৯ সালের ২৯ মার্চ তথ্য অধিকার আইন প্রণয়ন করে। একই বছরে ২ জুলাই শুরু হয় তথ্য কমিশনের কার্যক্রম। কিন্তু এক বছরের অধিক সময় পার হয়ে গেলেও তথ্য জানার অধিকার এখনো প্রতিষ্ঠা হয়নি।তথ্য অধিকার ফোরামের সদস্য সংগঠন—বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন, মাসলাইন মিডিয়া সেন্টার, সেন্টার ফর পলিসি ডায়ালগ, এমআরডিআই, আমাদের গ্রাম আইসিটি ফর ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং ইন্টার-কোঅপারেশন বাংলাদেশ এর প্রতিনিধিরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।২০০১ সালের ২৮ সেপ্টেম্বর বুলগেরিয়ার সোফিয়ায় পৃথিবীর বিভিন্ন দেশের তথ্য আন্দোলন কর্মীরা একটি কর্মশালায় মিলিত হয়ে এ দিবসটি পালনের সিদ্ধান্ত নেন। সরকারি তথ্য প্রাপ্তিতে প্রতিটি নাগরিককে সচেতন করে তোলার উদ্দেশে দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়। ২০০৩ সাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে এ দিবসটি গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে।