দ্রুত তদন্ত শেষ করার দাবি খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পনেরো বছর আগে গোপালগঞ্জের বানিয়ারচর ক্যাথলিক গির্জায় বোমা হামলা মামলার তদন্ত দ্রুত শেষ করে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন।
ওই বোমা হামলার ১৫তম বার্ষিকীতে নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সভা ও সন্ত্রাসবিরোধী আলোর মিছিলের আয়োজন করে খ্রিষ্টান অ্যাসোসিয়েশন।
স্মরণসভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার বলেন, গত ১৫ বছরে ১৪ বার এ ঘটনার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে, কিন্তু এখনো তদন্ত শেষ হয়নি। তিনি ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলা’ সরকারের কাছে অতি দ্রুত দোষী ব্যক্তিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও এই মামলা বিশেষ গুরুত্ব দিয়ে রহস্য উদ্ঘাটন এবং দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবি জানান।
খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিউবাট গমেজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, জাসদের একাংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সিপিবির নেতা রুহিন হোসেন, খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক প্রলয় সমদ্দার, কারওয়ান বাজার জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম প্রমুখ।
সভার শুরুতে বোমা হামলায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন ও প্রার্থনা করা হয়। সভা শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ মিনার এলাকা প্রদক্ষিণ করে।