শিক্ষকদের জিম্মি করে দাবি আদায়ে উসকানিদাতা এবং শিক্ষকদের নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। ধর্মঘটের দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন শিক্ষক সমিতির নেতারা।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল আলীম জানান, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁরা দ্রুত তদন্ত কমিটি গঠন করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আজ বুধবার আবারও তাঁরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দাবি তুলে ধরবেন। তিনি বলেন, ‘আমরা দেখতে চাই আন্দোলনের সময় যেসব ছাত্র শিক্ষকদের সঙ্গে আচরণে সীমা লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে অগ্রগতি হলে শিক্ষক সমিতি সাধারণ সভা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।’
শিক্ষকদের ক্লাস বর্জনে ফের অচলাবস্থা দেখা দিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। শিক্ষকদের ধর্মঘটের কারণে গতকালও বিশ্ববিদ্যালয়টিতে কোনো ক্লাস, পরীক্ষা হয়নি। যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল আলম বেগ মুঠোফোন ধরেননি।
প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি থেকে ক্লাস বর্জন করে ৩৩ ক্রেডিট বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন ১৪ ও ১৫ সিরিজের শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ ক্লাস বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের দাবির মুখে গত রোববার উপাচার্যসহ জ্যেষ্ঠ শিক্ষকেরা ২৪ ঘণ্টা উপাচার্যের কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর ৩৩ ক্রেডিট বাতিলের দাবি মেনে নেয় কর্তৃপক্ষ।
কিন্তু শিক্ষকদের অভিযোগ, শিক্ষার্থীদের এই আন্দোলনে শিক্ষকদের বিভিন্ন সময় হেনস্থা করা হয়েছে। তাঁদের অবরুদ্ধসহ ফেসবুকে আপত্তিকর মন্তব্য করা হয়েছে, যা শিক্ষকদের জন্য মানহানিকর। তাই এই আন্দোলনে উসকানিদাতা ও জড়িত ব্যক্তিদের শাস্তি না হওয়া পর্যন্ত তাঁরা কর্মসূচি পালন করবেন।