দ্রুত তেল অপসারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার ডুবে নদী ও খালে ছড়িয়ে পড়া তেল দ্রুত অপসারণের দাবিতে গতকাল রোববার সাতক্ষীরা ও বাগেরহাটে বিভিন্ন সংগঠন মানববন্ধন করেছে।
তেল অপসারণে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ, সুন্দরবনের অভ্যন্তরে প্রবাহিত নদীতে ঝুঁকিপূর্ণ বাণিজ্যিক পণ্য নিষিদ্ধ, সুন্দরবনকে ঘিরে সব বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ ও সুন্দরবনকে দ্রুত অভয়ারণ্য ঘোষণার দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বেসরকারি সংস্থা সুপ্র, স্বদেশ ও সাতক্ষীরার প্রথম আলো বন্ধুসভা যৌথভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে বেসরকারি সংস্থা ক্রিসেন্ট, মাকস, চুপড়িয়া মহিলা সমিতি, কলারোয়া পাবলিক লাইব্রেরি, ওয়ার্ল্ডভিশনসহ বিভিন্ন বেসরকারি সংস্থা অংশ নেয়।
মানববন্ধন বক্তব্য দেন সাতক্ষীরা মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাতক্ষীরা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, আইনজীবী আজাদ হোসেন, কলেজশিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোবাশ্বেরুল হক, প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, স্বদেশের পরিচালক মাধব দত্ত, বরসার সহকারী পরিচালক নাজমুল আলম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সুন্দরবন শুধু বিশ্ব ঐতিহ্যের অংশ নয়, দেশের গর্ব। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের রক্ষাকবচ। যেকোনো দুর্যোগে সুন্দরবন এ অঞ্চলের মানুষের জন্য ছাতা হিসেবে কাজ করে। এ অঞ্চলের কমপক্ষে তিন লাখ মানুষের জীবন-জীবিকা নির্ভর করে সুন্দরবনের ওপর। সুন্দরবন এলাকার এ বিপর্যয় দেশের বিপর্যয়। যেকোনো মূল্যে এ বিপর্যয় রক্ষা করতে হবে। তা না হলে জীববৈচিত্র্য ধ্বংস হবে। বাড়বে প্রাকৃতিক ঝুঁকি। তেল নদীতে ও বনে ছড়িয়ে পড়ার ক্ষতির পরিমাণ বাড়ছে। যে পরিমাণ ক্ষতি হয়েছে এবং আরও যেসব ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে, তাতে সবাই উদ্বিগ্ন।
এ ছাড়া বেসরকারি সংস্থা লিডার্স, খানি, কেকেএম ও অ্যাকশনএইড বাংলাদেশ পক্ষ থেকে একই দাবিতে সুন্দরবন-সংলগ্ন শ্যামনগর উপজেলা সদরে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। পদযাত্রায় বিভিন্ন শ্রেণির পেশার হাজারো মানুষ অংশ নেন।
এদিকে তেল দ্রুত অপসারণ করে বন ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে গতকাল দুপুরে সিপিবির শহর শাখা উদ্যোগে বাগেরহাট শহরের সাধনার মোড়ে মানববন্ধন হয়েছে। প্রায় এক ঘণ্টা ওই মানববন্ধন চলে। এ কর্মসূচিতে ওয়ার্কার্স পার্টি, ছাত্র ইউনিয়ন ও মহিলা পরিষদ সংহতি প্রকাশ করে।
মানববন্ধনে বক্তব্য দেন সিপিবির বাগেরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক তুষার কান্তি দাস, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শিল্পী সমাদ্দার, ছাত্র ইউনিয়নের জেলা শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সুন্দরবনের নদী-খালে তেল ছড়িয়ে পড়ে পরিবেশের গুরুতর ক্ষতি হয়েছে। বন ও জীববৈচিত্র্য আজ হুমকির মুখে পড়েছে। সুন্দরবনকে রক্ষা করতে ছড়িয়ে পড়া তেল দ্রুত অপসারণ করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানান তাঁরা।