নির্বাচন অনুষ্ঠানের জন্য ‘তত্ত্বাবধায়ক’ বা ‘নির্দলীয়’, যে ব্যবস্থাই হোক না কেন, প্রধান দুই দলকে তার রূপরেখা এখনই প্রকাশ করতে হবে। সংলাপে বসে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে চলমান রাজনৈতিক সহিংসতা থেকে রেহাই পাওয়া যাবে না।গতকাল শনিবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘বিরাজমান রাজনৈতিক বাস্তবতা ও নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এ অভিমত দেন। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এ আলোচনায় সভাপতিত্ব করেন সুজনের সভাপতি হাফিজউদ্দিন খান।আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য ১৯৯১ সালের তিন জোটের রূপরেখার মতো আরেকটি জোট ও রূপরেখা দরকার। এই জোটের নেতৃত্বে নির্বাচনের আগে ও নির্বাচনকালীন করণীয় নির্ধারণ, নতুন সরকারের করণীয় স্থির, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, নির্বাচনী আইনের সংস্কার ইত্যাদি কাজ করা যেতে পারে।হাফিজউদ্দিন খান বলেন, রাজনীতি দুই ভাগে ভাগ হয়ে গেছে। এ জন্য রাজনৈতিক দলগুলো দায়ী। সুতরাং সমাধানের পথও তাদের বের করতে হবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্দলীয় সরকার দরকার, সেটা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার, যা-ই হোক না কেন, দলগুলোকে এর রূপরেখা দিতে হবে।জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হকও রূপরেখার ওপর জোর দেন। তিনি বলেন, খালেদা জিয়া বলেন তত্ত্বাবধায়ক সরকারের কথা, শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের। কিন্তু কেউই বলেন না, তাঁদের সরকারের রূপরেখা কী। প্রধান দুই দলকে সংলাপে বসে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এএসএম শাহজাহান বলেন, দুই দল গণতন্ত্রের চেয়ে ক্ষমতা বেশি পছন্দ করে। কলামলেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, যে নামেই হোক না কেন, নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জাফরুল্লাহ চৌধুরী বলেন, যে নামেই ডাকা হোক, নিরপেক্ষ সরকারব্যবস্থা কিছু একটা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।অধ্যাপক আসিফ নজরুল বলেন, তত্ত্বাবধায়ক বা এর বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করা হলে রাজনৈতিক হানাহানি বন্ধ হয়ে যাবে।আলোচনায় আরও অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, ইনাম আহমদ চৌধুরী ও মাহবুবুর রহমান, আওয়ামী লীগের নেতা আবু সাইয়িদ প্রমুখ।