দ্রুত নিষ্পত্তিতে সবার সহযোগিতা কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার আদালতে বিচারাধীন ৭০ হাজার মামলা দ্রুত নিষ্পত্তিতে পুলিশ ও আইনজীবীসহ সবার সহযোগিতা চেয়েছেন বিচারিক হাকিমেরা। গতকাল শনিবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালত সম্মেলনকক্ষে ‘ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলন ও পুলিশ ম্যাজিস্ট্রেসি সম্মেলন’ অনুষ্ঠানে উপস্থিত সবাই নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার বলেন, ৭০ হাজার ১৭১টি বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তি করা যাচ্ছে না বলে হাজার হাজার বিচারপ্রার্থী দুর্ভোগের শিকার হচ্ছেন। এ জন্য পুলিশ, আইনজীবী-চিকিৎসকদের সহযোগিতা দরকার।
সম্মেলনে আইন, আদালত ও সামাজিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন মুখ্য বিচারিক হাকিম মো. তৌফিক আজিজ, জেলা প্রশাসক মো. আলী হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ প্রমুখ।
স্বাগত বক্তব্যে মুখ্য বিচারিক হাকিম তৌফিক আজিজ বলেন, বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির নির্দেশে বিচার বিভাগীয় ও পুলিশি ম্যাজিস্ট্রেট সম্মেলন করা হচ্ছে। মামলা নিষ্পত্তিতে অসামঞ্জস্যতা, ভুল-ত্রুটি ধরিয়ে দিতেই এই সম্মেলন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম বলেন, একজন চিকিৎসক সাক্ষ্য দিতে আসছেন না বলেই তাঁর আদালতে ৭০টির মতো মামলা নিষ্পত্তি করা যাচ্ছে না।
সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) পুঁ চ নু বলেন, ভিসেরা আলামত প্রথমে চট্টগ্রাম, তারপর ঢাকার মহাখালীতে পরীক্ষার জন্য পাঠাতে হয়। তারপর ময়নাতদন্ত প্রতিবেদন দিতে হয়। অনেক সময় ভিসেরা প্রতিবেদন পেতে এক থেকে দেড় বছর সময় লেগে যায়। সে ক্ষেত্রে করার কিছু থাকে না।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মমতাজ আহমদ বলেন, পুলিশি কার্যক্রম ঠিক থাকে না বলে মামলা নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। সাক্ষী হাজির করতে পুলিশি কার্যক্রম আরও জোরদার করা উচিত।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে আহমদ হোসেন বলেন, ৭০ হাজার বিচারাধীন মামলার নিষ্পত্তি করতে হলে কক্সবাজারে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত মুখ্য বিচারিক আদালত প্রতিষ্ঠা করতে হবে।
পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সাক্ষীদের তাগাদা দেওয়া হবে। জলবল-সংকটের কারণে পুলিশের একার পক্ষে মাদক চোরাচালান, মানব পাচার রোধ ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হয় না।
সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. মাসুদ আলম বলেন, নাশকতা মামলার আসামিরা আদালত থেকে দ্রুত জামিন পেয়ে যাচ্ছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন। ময়নাতদন্ত প্রতিবেদন দিতে চিকিৎসকেরা বিলম্ব করেন। ফলে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা দেখা দিচ্ছে।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম মহিউদ্দিন মুরাদ বলেন, আদালতে সিএসআই (কোর্ট সাব-ইন্সপেক্টর) নেই। নিয়োগ পেলেও তদবির করে তাঁরা থানায় চলে যান। ফলে মামলা পরিচালনায় সমস্যা দেখা দেয়। ইয়াবা ও মিয়ানমারের অনুপ্রবেশকারী নাগরিকদের জামিন নিতে সংঘবদ্ধ একটি চক্র আদালতে তৎপর থাকে। গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এসব বন্ধ করা জরুরি।
সম্মেলনে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ, বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবদুল আওয়াল সরকার, জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর, নুরুল মোস্তফা মানিক, নুরুল ইসলাম প্রমুখ।