দ্রুত নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বাদীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাঁশখালীতে ১১ হত্যার ১১তম বার্ষিকীতে গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলন l ছবি: প্রথম আলো
চট্টগ্রামের বাঁশখালীতে ১১ হত্যার ১১তম বার্ষিকীতে গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলন l ছবি: প্রথম আলো

চট্টগ্রামের বাঁশখালীতে সংখ্যালঘু পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা মামলার বিচার দ্রুত নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মামলার বাদী বিমল শীল এই হস্তক্ষেপ কামনা করেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
২০০৩ সালের ১৮ নভেম্বর বাঁশখালীর সাধনপুরে ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়। বর্তমানে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে।
সংবাদ সম্মেলনে বাদী লিখিত বক্তব্যে উল্লেখ করেন, মামলার প্রধান আসামি আমিনুর রহমান চেয়ারম্যান উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে আসেন। স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য অ্যাটর্নি জেনারেল বরাবর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেলা পাবলিক প্রসিকিউটর চিঠি দিলেও স্থগিতাদেশ প্রত্যাহার করা হচ্ছে না। মূল আসামি মামলার বাইরে থাকায় সাক্ষীরা সাক্ষ্য দিতে রাজি হচ্ছেন না। এ ছাড়া সাক্ষীদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
এই মামলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে বিমল শীল বলেন, ‘এভাবে চলতে থাকলে মামলার ভবিষ্যৎ অন্ধকার। তাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য স্থগিতাদেশ প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হোক।’
সংবাদ সম্মেলনে উপস্থিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ‘সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের দায়মুক্তির যে সংস্কৃতি চালু হয়েছিল, তা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। আমরা আইনের শাসন চাই, দায়মুক্তির সংস্কৃতি থেকে মুক্তি চাই।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আদালতের অতিরিক্ত মহানগর পিপি অনুপম চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা দুলাল চৌধুরী, রুমা কান্তি, বিজয় দেবী, পরিমল কান্তি চৌধুরী প্রমুখ।