জলাবদ্ধ ভবদহ অঞ্চলের পানি দ্রুত নিষ্কাশন এবং জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে সভা হয়েছে। ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির ডাকে গতকাল মঙ্গলবার অভয়নগর উপজেলার ভবদহ কলেজে এ সভা হয়।
ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ কুমার বাওয়ালীর সভাপতিত্বে দুপুর ১২টায় সভা শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। অভয়নগর ও মনিরামপুর উপজেলার অন্তত ২০টি জলাবদ্ধ গ্রাম থেকে শতাধিক লোক ওই সভায় যোগ দেন। সভায় ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, মনিরামপুর উপজেলা সংগ্রাম কমিটির আহ্বায়ক গাজী আবদুল হামিদ, প্রধান সমন্বয়ক বৈকুণ্ঠ বিহারী রায়, সমন্বয়ক চৈতন্য কুমার পাল, নাজিমউদ্দীনসহ কয়েকজন কৃষক বক্তব্য দেন।
মনিরামপুর উপজেলার পাড়িয়ালী গ্রামের কৃষক নূরুল হক বলেন, ‘এক্সকাভেটর দিয়ে নদীতে চ্যানেল কাটায় আমরা আশাবাদী হয়েছিলাম। এখন আমরা রীতিমতো হতাশ। চ্যানেল কাটার পর দেড় ইঞ্চির মতো পানি কমেছিল। পরে বৃষ্টিতে তার চেয়ে বেশি পানি হয়েছে। তা ছাড়া পলি কেটে নদীর মধ্যেই ফেলা হচ্ছে। জোয়ারে কাটা জায়গা ভরাট হয়ে যাচ্ছে। ফলাফল শূন্য।’
নেবুগাতী গ্রামের কৃষক রবিন মিস্ত্রি বলেন, ‘আমাদের আন্দোলন ছাড়া বিল কপালিয়ায় টিআরএম (জোয়ারাধার) হবে না।’ ভোমরদহ গ্রামের কৃষক ইমদাদুল শেখ বলেন, ভবদহে প্রকল্প হচ্ছে। প্রকল্পে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। অভয়নগর উপজেলার ডাঙ্গা মশিয়াহাটী গ্রামের কৃষক সমীরণ পাঁড়ে বলেন, ২১ ভেন্ট (কপাট) ও ৯ ভেন্ট স্লুইসগেটের মধ্যে কেটে নদীর সংযোগ দিয়ে দ্রুত পানি নামাতে হবে। ডুমুরতলা গ্রামের কৃষক শিবপদ বিশ্বাস বলেন, টিআরএম ছাড়া বাঁচার কোনো পথ নেই। আর আন্দোলন ছাড়া টিআরএম হবে না। তিন গ্রামের লোকের বিরোধিতায় আজ প্রায় ৩০০ গ্রাম ডুবে গেছে। টিআরএম চালুর জন্য প্রয়োজনে রাজপথ-রেলপথ অবরোধ করতে হবে।
ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, ভবদহ অঞ্চলের পানি সরাতে এক্সকাভেটরের সংখ্যা বাড়াতে হবে। ক্ষতিগ্রস্ত সব পরিবারের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণ করতে হবে।