দ্রুত প্রতিশ্রুতি পূরণের তাগিদ দিলেন ডাচ মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) অব্যাহত রাখতে হলে কর্মপরিবেশের উন্নয়নে 
সরকারের অঙ্গীকারগুলো বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা মন্ত্রী লিলিয়েন প্লাউমেন গতকাল রোববার সাংবাদিকদের কাছে
এ মন্তব্য করেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে বাংলাদেশের জিএসপি-সুবিধা এ মুহূর্তে ঝুঁকিমুক্ত কি না
জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।
দুদিনের সফরের প্রথম দিনে তিনি রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন
বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। সংবাদ সম্মেলনের শুরুতে দুই মন্ত্রী বাংলাদেশের তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশের
উন্নয়নে দুই পক্ষের সহযোগিতার বিষয়ে যৌথ বিবৃতিতে সই করেন।
যৌথ বিবৃতিতে বাংলাদেশের পোশাকশিল্পের উন্নয়নে একটি ফোরাম গঠনের কথা বলা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের
(ইইউ) সদস্য দেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার সহযোগিতায় এ ফোরাম গঠন করা হয়েছে। এ ফোরামের প্রথম বৈঠক গতকাল
ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
লিলিয়েন প্লাউমেন বলেন, ‘কর্মপরিবেশের উন্নয়ন ও শ্রমিক স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ সরকার অনেকগুলো অঙ্গীকার করেছে।
এসব অঙ্গীকার দ্রুত বাস্তবায়নই হচ্ছে সবচেয়ে ভালো পথ। এ ক্ষেত্রে আমি মনে করি, শ্রম আইন সংশোধন সংসদে
অনুমোদন হওয়াটা খুব গুরুত্বপূর্ণ।’
লিলিয়েন প্লাউমেন বলেন, ‘আমি চাই না নেদারল্যান্ডসের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে পোশাক কেনা বন্ধ করুক। আমি
চাই কারখানার শ্রমিকদের নিরাপত্তা ও তাদের মজুরি বাড়ানোর প্রক্রিয়ায় সহায়তা দিতে তারা এ দেশের পোশাকশিল্পের
পাশে থাকুক।’ তিনি বলেন, বাংলাদেশের জন্য অনেক ইতিবাচক পরিবর্তন এনেছে পোশাকশিল্প। তাই তাঁর দেশ
বাংলাদেশের পাশে থাকতে চায়। বাংলাদেশের পোশাকশিল্পের কর্মপরিবেশের উন্নয়নের কর্মপরিকল্পনা নিয়ে চলতি
সপ্তাহে নেদারল্যান্ডসের ব্যবসায়ীদের নিয়ে একটি বৈঠকের কথা রয়েছে।