সংশোধিত ফলাফল দ্রুত প্রকাশের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের কার্যালয়ে গতকাল শনিবার তালা দেন ২০০৭-০৮ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। এ সময় প্রায় আধা ঘণ্টা শিক্ষকেরা অবরুদ্ধ ছিলেন।শিক্ষার্থীরা অভিযোগ করেন, এ বছরের এপ্রিল মাসে তাঁদের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ১৩ সেপ্টেম্বর পরীক্ষার ফল প্রকাশ করা হয়। কিন্তু এই ফলাফলে বিভিন্ন অসংগতি থাকায় তা সংশোধন করে বিভাগ আবার পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠায়। কিন্তু তাঁরা এখনো সংশোধিত ফলাফল পাননি। ফলে তাঁরা চাকরির জন্য কোনো পরীক্ষায় অংশ নিতে পারছেন না। এ কারণে তাঁরা ক্ষিপ্ত হয়ে বেলা ১১টার দিকে বিভাগের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। পরে শিক্ষকদের অনুরোধে তাঁরা তালা খুলে দেন।এ ব্যাপারে সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি নীলুফার সুলতানা বলেন, পরীক্ষার ফলাফল সংশোধন করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠানো হয়েছে। দ্রুত ফল প্রকাশের জন্য কয়েকবার চিঠি দিলেও তারা সংশোধিত ফলাফল প্রকাশে বিলম্ব করছে।