দ্রুত ফসলের নতুন জাত পেতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেদারল্যান্ডসের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেলে দেশটির ভাখেনিঙেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ পরিদর্শন করেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক
ছবি: সংগৃহীত

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশের কৃষি খাতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অগ্রাধিকারভিত্তিতে জলবায়ু পরিবর্তনসহনশীল ফসলের জাত উদ্ভাবনে কাজ চলছে। লবণাক্ততা, খরা, জলমগ্নতা, উচ্চ তাপমাত্রাসহ নানা প্রতিকূল পরিবেশে চাষের উপযোগী বিভিন্ন ফসলের জাত উদ্ভাবনে বাংলাদেশের বিজ্ঞানী ও গবেষকেরা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে অনেক সফলতাও এসেছে। কিন্তু এসব জাত উদ্ভাবনে অনেক সময় লেগে যায়। এটি কমিয়ে আনার লক্ষ্যে নেদারল্যান্ডসের সহযোগিতা প্রয়োজন।

নেদারল্যান্ডসের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেলে দেশটির ভাখেনিঙেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চের এক্সিকিউটিভ বোর্ডের প্রেসিডেন্ট লুইজি ও ফ্রেসকোর সঙ্গে বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষি, খাদ্য ও জীববিজ্ঞানের গবেষণা এবং শিক্ষায় বিশ্বের শীর্ষস্থানীয় ভাখেনিঙেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চের এক্সিকিউটিভ বোর্ডের প্রেসিডেন্টের কাছে কৃষিমন্ত্রী লেটার অব ইনটেন্ট (এলওআই) উপস্থাপন করেন। মন্ত্রী জলবায়ু পরিবর্তন উপযোগী নতুন জাত উদ্ভাবন, পচনশীল কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়ানোর গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণ এবং বিজ্ঞানী ও সম্প্রসারণ কর্মীদের প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়টির সহযোগিতা চান।

প্রেসিডেন্ট লুইজি ও. ফ্রেসকো এসব বিষয়ে সহযোগিতায় বিশেষ আগ্রহ প্রকাশ করেন। শিগগিরই বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে বলে তিনি আশ্বাস দেন এবং সহযোগিতার ক্ষেত্রগুলো সুনির্দিষ্ট করার প্রতি জোর দেন।

একই দিন সকালে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ভাখেনিঙেন শহরের মেয়র ফ্লুর ভার্মিউলেনের সঙ্গে বৈঠক করেন। এ সময় সরকারি-বেসরকারি প্রতিনিধিদলের সদস্য কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ, নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ, প্রাণ–আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, এসিআই অ্যাগ্রো লিংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এফএইচ আনসারী, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম এবং জেমকন গ্রুপের ডিরেক্টর কাজী ইনাম আহমেদ উপস্থিত ছিলেন।