দ্রুত বর্ণবৈষম্য বিলোপ আইনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরিসহ সব ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ, অধিকার ও পূর্ণ অংশীদারত্ব নিশ্চিত করতে দ্রুত বর্ণবৈষম্য বিলোপ আইন প্রণয়নের দাবি উঠেছে। গতকাল সোমবার উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মানববন্ধনে এ দাবি জানানো হয়।
২১ মার্চ বিশ্ব বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর আয়োজন করে।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গাইবান্ধা: দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত গাইবান্ধা শহরের ডিবি রোডে মানববন্ধন হয়। এতে মুখে কালো কাপড় বেঁধে দলিত ও হরিজন সম্প্রদায়ের শতাধিক লোক অংশ নেন। তাঁদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বিডিইআরএমের জেলা সভাপতি সন্তোষ বাসফোর, দলিত নেতা রাজেশ বাসফোর, দিলীপ বাসফোর, নারীনেত্রী শেফালী দেবনাথ প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ও চাকরির ক্ষেত্রে হরিজনদের জন্য কোটা রাখা হয়নি। ভিজিএফ-ভিজিডিসহ বিভিন্ন কর্মসূচিতেও তাঁরা সম্পৃক্ত নন। সরকারি পরিপত্র অনুযায়ী, পৌরসভায় শতকরা ৮০ ভাগ হরিজন সম্প্রদায়ের লোকজনকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ করার কথা। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। এখনো হরিজনদের হোটেল, রেস্তোরাঁয় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। তাই তাঁদের অধিকার রক্ষায় বিশেষ আইন প্রণয়ন করা অপরিহার্য।
কুড়িগ্রাম: কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে দুপুরে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন বিডিইআরএমের জেলা সভাপতি জগলাল বাসফোর, সাধারণ সম্পাদক কৈলাশ রবীদাস, নারীবিষয়ক সম্পাদক আরতী রবিদাস, সহসাধারণ সম্পাদক জয় বাসফোর, দিপুরাম প্রমুখ।
মানববন্ধনে সদর উপজেলার দলিত সম্প্রদায়ের নারী ও পুরুষেরা অংশ নেয়। এতে বক্তারা বলেন, পরিচ্ছন্নতাকর্মী হিসেবে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে চাকরির ক্ষেত্রে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর ৮০ শতাংশ কোটা নিশ্চিত করতে হবে। এ জনগোষ্ঠীর ভূমিহীন পরিবারগুলোকে মাথাগোঁজার ঠাঁই, বিনা পয়সায় শিক্ষার অধিকার ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): সকাল ১০টায় বেসরকারি সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে শেষ হয়। এতে দলিত সম্প্রদায়ের ২০০ নারী-পুরুষ যোগ দেন। বেলা ১১টার দিকে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে নৃতাত্ত্বিক ও দলিত উন্নয়ন ফোরামের সম্পাদক কানন কিসকু সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সারওয়ার মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুল ইসলাম, প্রেমদীপ প্রকল্পের সমন্বয়কারী কাজী সিরাজুস সালেকীন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী, থানার পরিদর্শক আবদুল ওয়াহেদ প্রমুখ।