দ্রুত বাঁধ সংস্কারের দাবি এলাকাবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দুটি ইউনিয়নে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ভোগাই নদের খালভাঙ্গা এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত গ্রামগুলো থেকে পানি নামতে শুরু করেছে। দ্রুত বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
উপজেলা প্রশাসন ও ক্ষতিগ্রস্ত এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ভোগাই নদের খালভাঙ্গা এলাকায় নদীর ২০০ ফুট বাঁধ ভেঙে যায়। এতে প্রবল বেগে পানি এসে নালিতাবাড়ী সদর ও মরিচপুরান ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়। গত বুধবার রাত থেকে নদীর পানি কমতে শুরু করলে ২০টি গ্রামের বাড়িঘর থেকে পানি নামতে শুরু করে।
খালভাঙ্গা গ্রামের কৃষক মো. রইছ উদ্দিন (৫৫) জানান, ‘গতবার এই বান্দের লাইগা আমগর বিরাট ক্ষয়ক্ষতি অইছে। অহন এইবান দিউন না গেলে আবার ঢল আইলে আমগর উপায় নাই। আমরা সরকারের কাছে এই বান্দের একটা স্থায়ী ব্যবস্থা চাই।’
মরিচপুরান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আইয়ুব আলী জানান, মরিচপুরানে ১৭টি গ্রামে ঢলের পানিতে ৫০ থেকে ৬০টি মাটির ঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ছোট-বড় তিন শতাধিক পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। নালিতাবাড়ী সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আশরাফ আলী জানান, বাড়িঘর থেকে পানি নেমে গেছে। বাঁধটি সংস্কারের জন্য ইউএনওকে জানানো হয়েছে।
ইউএনও মো. আবু সাঈদ মোল্লা জানান, নদীর পানি কমে গেলে বাঁধটি মেরামতের কাজ করা হবে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা পাওয়া গেলে সরকারিভাবে সহায়তা করা হবে।