
নারায়ণগঞ্জের সাত খুনের মামলাকে চাঞ্চল্যকর মামলা হিসেবে অন্তর্ভুক্ত করে দ্রুত বিচার আইনে আনার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থকগোষ্ঠীর এক আলোচনা সভায় সুরঞ্জিত এ পরামর্শ দেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘দ্রুত বিচার আইনে বিচার করার মাধ্যমে সরকারকে প্রমাণ করতে হবে অন্য কিছুতে সরকার মন দিচ্ছে না। অপরাধীরা যত শক্তিশালী হোক, আকার-ইঙ্গিতে অন্য কারোর সঙ্গে সম্পর্কিত থাকলেও তাদের বিচার হবেই। দলীয় সংকীর্ণতায় কেউ মুক্তি পাবে না।’
সুরঞ্জিত আশা প্রকাশ করেন, বিশ্বজিত্ হত্যা মামলার মতো নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় শেখ হাসিনা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য গণমাধ্যমসহ সবাইকে সহযোগিতা করতে হবে। অনেক বড় বড় রুই কাতলা ধরা পড়ে গেছে। নূর হোসেনও গ্রেপ্তার হবেন।
নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশ করার প্রসঙ্গে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এখন সভা-সমাবেশ করার সময় নয়। এমন কিছু করা যাবে না, যাতে তদন্ত বিঘ্নিত হয়। নারায়ণগঞ্জ কেন, সমাবেশ করার তো আরও অনেক জায়গা আছে। সভা করার পরিবেশ থাকলে অবশ্যই আপনারা সমাবেশ করবেন।’
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কার্যক্রম বন্ধে বিএনপির দাবি প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘র্যাব আপনারা গঠন করেছিলেন। স্বাধীনতার পুরস্কার দিয়েছেন। ২০০৬ সালে র্যাব নিয়ে আপনারা কী বলেছিলেন? আমার বন্ধু মওদুদ কী বলেছিলেন? পক্ষে গেলে র্যাব ভালো, আর বিপক্ষে গেলে বন্ধ করেন। মাথাব্যথা হলে তো আর মাথা কেটে ফেলা যায় না। র্যাবকে আরও কীভাবে জবাবদিহিমূলক প্রতিষ্ঠান করা যায়, এ জন্য আপনাদের যুক্তিসংগত পরামর্শ থাকলে দেন। সরকার অবশ্যই ভেবে দেখবে।’
স্বতন্ত্র সাংসদ হাজি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, আওয়ামী লীগ নেতা চিত্তরঞ্জন দাস প্রমুখ।