দ্রুত বিচার আইনে আনার পরামর্শ সুরঞ্জিতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুনের মামলাকে চাঞ্চল্যকর মামলা হিসেবে অন্তর্ভুক্ত করে দ্রুত বিচার আইনে আনার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, দ্রুত বিচার আইনে বিচার করার মাধ্যমে সরকারকে প্রমাণ করতে হবে অন্য কিছুতে সরকার মন দিচ্ছে না। অপরাধীরা যত শক্তিশালী হোক, আকার-ইঙ্গিতে অন্য কারোর সঙ্গে সম্পর্কিত থাকলেও তাদের বিচার হবেই। দলীয় সংকীর্ণতায় কেউ মুক্তি পাবে না।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থকগোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় সুরঞ্জিত এ পরামর্শ দেন। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য গণমাধ্যমসহ সবাইকে সহযোগিতা করতে হবে। অনেক বড় বড় রুই-কাতলা ধরা পড়ে গেছে। নূর হোসেনও গ্রেপ্তার হবেন।
সাংসদ হাজি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, আওয়ামী লীগ নেতা চিত্তরঞ্জন দাস প্রমুখ।