জয়পুরহাটে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে গত সোমবার রাতে দ্রুত বিচার আইনে একটিসহ দুটি মামলা করেছে পুলিশ। হরতালের সময় গাড়ি ভাঙচুর এবং পুলিশের একজন কনস্টেবলকে কুপিয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ দুটি মামলা হয়েছে।জামায়াত-শিবিরের ২৪ জন নেতা-কর্মীকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।৫ নভেম্বর জামায়াত ও শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মাদ্রাসাছাত্র বদিউজ্জামান নিহত হন। এর প্রতিবাদে এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে জয়পুরহাটে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে শিবির।পুলিশ জানায়, হরতালের সময় শহরের একটি অটোরিকশা (ব্যাটারিচালিত) পুড়িয়ে দেওয়া, দুটি অটোরিকশা ও একটি ট্রাক ভাঙচুর, জনদুর্ভোগ সৃষ্টি এবং সদর উপজেলার হিচমী বাজারে ক্ষেতলাল থানার কনস্টেবল গোলাম মোস্তফাকে শিবিরের নেতা-কর্মীরা কুপিয়ে জখম করে শরীরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরানোর চেষ্টা করেন।