কক্সবাজারের রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের সংবাদ সংগ্রহের সময় তিনজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় রামু থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
গত সোমবার রাতে আহত সাংবাদিক আহসান সুমন রামু থানায় এই মামলা করেন। মামলার আসামিরা হলো কক্সবাজার শহরের লিংকরোড এলাকার কুদরত বাহিনীর প্রধান কুদরত উল্লাহ, তার সহযোগী দিদারুল আলম, ইউনুছ ভুট্টো ও দেলোয়ার হোসেন। মামলায় অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার রামুর দক্ষিণ মিঠাছড়ি উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে কুদরত উল্লাহর নেতৃত্বে একদল দুর্বৃত্ত এসএ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি কামরুল ইসলাম ও ক্যামেরাপারসন বাবু কান্তি দে এবং গাড়ির চালক দেলোয়ার হোসেনের ওপর হামলা চালায়।
পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে।