অর্থমন্ত্রী বলেছেন, ‘ভবনধসের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা করা যেতে পারে। কারণ, পোশাক কারখানা একটি গুরুত্বপূর্ণ শিল্প। এটাকে এভাবে ধ্বংস হতে দেওয়া যায় না। কারখানায় আগুন ও ভবনধসের মতো ঘটনায় শিল্পমালিকদের ব্যর্থতা রয়েছে।’ গতকাল শুক্রবার সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, ‘তাজরীন ফ্যাশনসে আগুনের ক্ষতি এখনো পুষিয়ে ওঠা যায়নি। এর মধ্যে সাভারে ভবনধসের ঘটনায় পোশাক-শিল্পের অপূরণীয় ক্ষতি হলো। একের পর এক পোশাক কারখানায় দুর্ঘটনা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। এসব ক্ষতি বন্ধ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘দেশে ইমরাত নির্মাণবিধি ছিল না, এখন হয়েছে। এই বিধি অমান্যকারীদের বিরুদ্ধে কিছু কিছু এনফোর্সমেন্টও (পরিবেশ অধিদপ্তরের সর্বোচ্চ অভিযান) হচ্ছে।’সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলালের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী, একটি বাড়ি একটি খামার প্রকল্পের পরিচালক প্রশান্ত কুমার রায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী, রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমদ আল-কবির বক্তব্য দেন।আহত সাংবাদিকের শয্যাপাশে অর্থমন্ত্রী: ২২ এপ্রিল সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট ব্যুরোপ্রধান মকসুদ আহমদকে দেখতে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান অর্থমন্ত্রী। তিনি মকসুদ আহমদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান, উপপরিচালক ইশতেশামুল হক চৌধুরী ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।