দ্রুত বিচার আইনে শাস্তি বাড়ছে
আইনশৃঙ্খলা বিঘ্নকারী বিভিন্ন অপরাধের (দ্রুত বিচার আইন) জন্য শাস্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। এত দিন এই অপরাধের জন্য সর্বনিম্ন দুই থেকে সর্বোচ্চ পাঁচ বছর সাজা দেওয়া হতো। এখন সর্বোচ্চ সাজার মেয়াদ দুই বছর বাড়িয়ে সাত বছর করা হচ্ছে। একই সঙ্গে অর্থদণ্ড থাকছে।
গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ওই সাজার মেয়াদ বাড়িয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন), ২০১৭ আইনের খসড়া অনুমোদন করা হয়েছে।
বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এই তথ্য জানান। আগামী নির্বাচন সামনে রেখে সাজা বাড়ানো হচ্ছে কি না—এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটি নিয়মিত কাজ। এর সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই। অনেকগুলো ফোরাম থেকে প্রস্তাব আসে। অংশীজনদের সঙ্গে আলোচনা হয়েছে। সবাই সাজা সাত বছর করার বিষয়ে একমত পোষণ করেছেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, চাঁদাবাজি, যান চলাচলে বাধা সৃষ্টি, যানবাহনের ক্ষতিসাধন, স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিনষ্ট ও ভাঙচুর করা, জিনিসপত্র বা যানবাহন ছিনতাই, আকস্মিকভাবে শক্তির মহড়া বা দাপট দেখিয়ে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করা, দরপত্র ক্রয়-বিক্রয়ে বাধা দেওয়া ইত্যাদি অপরাধ দ্রুততার সঙ্গে বিচারের জন্য এই আইন প্রযোজ্য।
২০০২ সালে দ্রুত বিচার আইন জারি করা হয়েছিল। ক্ষমতাসীন দলগুলো আইনটি রাজনৈতিকভাবে ব্যবহার করে বলে আলোচনা রয়েছে।
জানতে চাইলে বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, প্রথমত এই আইনের অপরাধের সংজ্ঞাগুলো ঢালাওভাবে করা হয়েছে। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা খেয়ালখুশিমতো ব্যবহার করতে পারবে। আর ঐতিহাসিকভাবে অগণতান্ত্রিক সরকারগুলো ভয় দেখিয়ে শাসন করতে চায়। এ জন্য তারা সাজার মেয়াদ বাড়ায়।
রূপপুরের তেজস্ক্রিয় বর্জ্য নেবে রাশিয়া
বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় জ্বালানি বর্জ্য নেওয়ার বিষয়ে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি সইয়ের জন্য খসড়ার অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন যেকোনো সময় এই চুক্তি সই হবে। এই চুক্তি অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় জ্বালানি বর্জ্য (স্পেন্ট ফুয়েল) ফেরত নেবে রাশিয়া।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রীর রাশিয়া সফরের সময় দেশটির প্রেসিডেন্টের সঙ্গে এ নিয়ে প্রাথমিক আলোচনা হয়। তখনই তাঁরা এ বিষয়ে সম্মত হন। কিন্তু সেটা তো আর মুখের কথায় থাকলে হবে না, সেটাকে কাগজে রূপান্তর করতে হবে।
বৈঠকে আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রস্তাবিত ‘কনভেনশন অন দ্য ফিজিক্যাল প্রোটেকশন অব নিউক্লিয়ার ম্যাটেরিয়াল অ্যান্ড নিউক্লিয়ার ফ্যাসিলিটিজ’-এর খসড়া এবং এতে অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা
মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দিবসটি মন্ত্রিপরিষদের এ-বিষয়ক পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অর্থাৎ, দিবসটি দ্বিতীয় সারির মর্যাদায় পালন করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীয় নিরাপদ সড়ক দিবস ছিল না। ২২ অক্টোবর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় মারা যান। এ দিনটি অনানুষ্ঠানিকভাবে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করা হয়। এ জন্য সরকার এ দিনটি জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকের শুরুতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের পাওয়া ‘গ্লোবাল মোবাইল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন ওই বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ।