পাবনা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা ভণ্ডুলের ঘটনায় দ্রুত বিচার আইনে করা মামলায় আরও ১৪ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার পাবনার দ্রুত বিচার আদালতের বিচারক লায়লা শারমীন জামিন মঞ্জুর করেন। এ নিয়ে ওই মামলায় জেলহাজতে থাকা সব আসামির জামিন মঞ্জুর হলো। মামলার দুই আসামি ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন ও ফিরোজ হোসেন এখনো পলাতক। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৫ নভেম্বর।জামিন পাওয়া আসামিরা হলেন এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন হায়দার, পৌর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য স্বপন, শহীদ আমিন উদ্দিন আইন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল বিশ্বাস, এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এম এ সজীব, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, ছাত্রলীগের কর্মী সবুর, সোহান, আরিফ ও ইমরান এবং যুবলীগের কর্মী রেজাউল করিম, বাবু, সমাপ্তি, লালু ও আসাদ।আদালত সূত্রে জানা যায়, গতকাল দ্রুত বিচার আইনের মামলার শুনানির তারিখ ধার্য ছিল। বেলা ১১টায় জেলহাজতে থাকা ১৪ আসামিকে আদালতে হাজির করে জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। আদালত আবেদন মঞ্জুর করেন।এ মামলায় এর আগে চার দফায় ১৫ আসামিকে জামিন দেওয়া হয়। গতকাল আরও ১৪ জনের জামিনের মধ্য দিয়ে জেলহাজতে থাকা সব আসামির জামিন মঞ্জুর হলো। গতকাল বিকেলে সবাই কারাগার থেকে বেরিয়ে আসেন। গত ১৭ সেপ্টেম্বর পাবনা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষার সময় হামলা চালায় সন্ত্রাসীরা। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন পরীক্ষা স্থগিত করে। এদিন রাতে জেলা প্রশাসনের দুজন নির্বাহী হাকিম বাদী হয়ে ছাত্রলীগ-যুবলীগের ৩১ জন নেতাকর্মীকে আসামি করে সরকারি কাজে বাধাদানের অভিযোগে এবং দ্রুত বিচার আইনে দুটি মামলা করেন। সরকারি কাজে বাধাদানের মামলায় গত ৫ অক্টোবর সব আসামির জামিন মঞ্জুর হয়।