দ্রুত বিচার আইনের মামলায় ২৬ জনের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা ভণ্ডুলের ঘটনায় দ্রুত বিচার আইনে করা মামলায় ২৬ আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার পাবনার দ্রুত বিচার আদালতের বিচারক পারভেজ শাহরিয়ার ওই আসামিদের জামিনের আবেদন খারিজ করে দেন। অসুস্থ থাকায় এক আসামিকে জামিন দেওয়া হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, গতকাল দ্রুত বিচার আইনের মামলায় শুনানির তারিখ ধার্য ছিল। বেলা ১১টায় আসামিপক্ষের আইনজীবীরা আদালতে হাজির হয়ে জেলহাজতে থাকা ২৭ আসামির জামিনের আবেদন করেন। আদালত ২৬ জনের জামিন নামঞ্জুর করেন। অসুস্থ আসামি সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সন্তোষ কুমার হাওয়ালদারের জামিন মঞ্জুর করা হয়। শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ২০ অক্টোবর।গত ১৭ সেপ্টেম্বর পাবনা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষার সময় হামলা চালায় সন্ত্রাসীরা। এদিন রাতে জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদী হয়ে ছাত্রলীগ-যুবলীগের ৩১ জন নেতা-কর্মীকে আসামি করে সরকারি কাজে বাধাদানের অভিযোগ ও দ্রুত বিচার আইনে দুটি মামলা করেন।