দ্রুত বিচার আইনের মেয়াদ আরও দুই বছর বাড়াতে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বিল পাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ সংক্রান্ত ‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন-২০১০’ সংসদে উপস্থাপন করেন।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে ও বিরোধী দলের অনুপস্থিতিতে বিলটি কণ্ঠভোটে পাস হয়। বিলে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের একটি সংশোধনী প্রস্তাব গৃহীত হয়। আইনটি পাস হওয়ায় দ্রুত বিচার আইনের মেয়াদ ২০১২ সালের ৮ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।আইনটির মেয়াদ বাড়ানোর কারণসংবলিত বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজি, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, যানবাহনের ক্ষতিসাধন করা, সম্পত্তি নষ্ট করা, ছিনতাই, দস্যুতা, ত্রাস ও অরাজক পরিস্থিতির সৃষ্টি, ভয়-ভীতি প্রদর্শন ইত্যাদি গুরুতর অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে ২০০২ সালে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন জারি করা হয়েছিল। ওই সময় এ আইনের মেয়াদ ছিল দুই বছর। এর পর তিন দফায় এ আইনটির মেয়াদ বাড়িয়ে ২০১০ সালের ৯ এপ্রিল পর্যন্ত করা হয়। বর্তমান সরকার এ আইনটির প্রয়োজনীয়তা বোধ করে এর মেয়াদ আরও দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কারণ এ আইনের অধীনে ৮৬৫টি তদন্তাধীন এবং এক হাজার ৭৪৭টি বিচারাধীন মামলা রয়েছে। এ মামলাগুলোর নিষ্পত্তি এবং ছিনতাই, চাঁদাবাজি এবং ত্রাস সৃষ্টির অপরাধ দমনে এ আইনটির মেয়াদ বাড়ানোর প্রয়োজন।১৭ জুন সাহারা খাতুন ‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল ২০১০’ সংসদে উত্থাপন করেন।