দ্রুত বিচার আইনের মেয়াদ আরও দুই বছর বাড়াতে বিল
দ্রুত বিচার আইনের মেয়াদ আরও দুই বছর বাড়ানোর প্রস্তাব রেখে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধন বিল, ২০১২ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গতকাল মঙ্গলবার বিলটি উত্থাপন করেন।পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।২০০২ সালে আইনটি হওয়ার পর দুই বছর কার্যকর ছিল। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার দুই দফায় এর মেয়াদ বাড়ায়। বর্তমান সরকার ২০১০ সালে আইনটির মেয়াদ দুই বছর বাড়িয়ে এ বছরের এপ্রিল পর্যন্ত করে।বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়, ছিনতাই, চাঁদাবাজি ও ত্রাস সৃষ্টির অপরাধগুলো কার্যকরভাবে মোকাবিলা করা, এসব অপরাধের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং এই আইনের অধীনে তদন্তাধীন ও বিচারাধীন দুই হাজার ২৬৯টি মামলা নিষ্পত্তির লক্ষ্যে আইনটির মেয়াদ ২০১৪ সালের ৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো দরকার। এতে আরও বলা হয়, চাঁদাবাজি, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, যানবাহনের ক্ষতিসাধন, স্থাবর-অস্থাবর সম্পত্তি বিনষ্ট করা, ছিনতাই, দস্যুতা, ত্রাস ও অরাজক পরিস্থিতি সৃষ্টি, দরপত্র ক্রয়-বিক্রয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন ইত্যাদি গুরুতর অপরাধের দ্রুত বিচারের মাধ্যমে আইনশৃঙ্খলার অধিকতর উন্নতির লক্ষ্যে ২০০২ সালে আইনটি প্রণয়ন ও জারি করা হয়।কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমার বিল পাস: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমা ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ বছর করা-সংক্রান্ত পাবলিক সার্ভেন্ট (অবসর) (সংশোধন) বিল, ২০১২ গতকাল সংসদে পাস হয়েছে। সংসদকার্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে বিলটি উত্থাপন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।