দ্রুত বিচার আইনের মেয়াদ আরও ২ বছর বাড়াতে সংসদে বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত বিচার আইনের মেয়াদ আরও দুই বছর বাড়াতে জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার বিল আনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ সংক্রান্ত ‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধন আইন-২০১০’ সংসদে উপস্থাপন করেন।ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশনে উত্থাপিত বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এটি পাস হলে দ্রুত বিচার আইনের মেয়াদ ২০১২ সালের ৮ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।আইনটির মেয়াদ বাড়ানোর কারণসংবলিত বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজি, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, যানবাহনের ক্ষতিসাধন করা, সম্পত্তি নষ্ট করা, ছিনতাই, দস্যুতা, ত্রাস ও অরাজক পরিস্থিতির সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন ইত্যাদি গুরুতর অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে ২০০২ সালে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন জারি করা হয়েছিল। ওই সময় এ আইনের মেয়াদ ছিল দুই বছর। এরপর তিন দফায় আইনটির মেয়াদ বাড়িয়ে ২০১০ সালের ৯ এপ্রিল পর্যন্ত করা হয়। বর্তমান সরকার আইনটির প্রয়োজনীয়তা বোধ করে এর মেয়াদ আরও দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কারণ এ আইনের অধীনে ৮৬৫টি তদন্তাধীন এবং এক হাজার ৭৪৭টি বিচারাধীন মামলা রয়েছে। এ মামলাগুলোর নিষ্পত্তি এবং ছিনতাই, চাঁদাবাজি ও ত্রাস সৃষ্টির অপরাধ দমনে এ আইনের মেয়াদ বাড়ানো প্রয়োজন।